রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাস ও পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইনসের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে থাকা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইনসের সামনে এসপিবিএনের গাড়ির গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনায় একটি গাড়ির কয়েকটি আসন পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ভোরে বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল; এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। ওই সময় গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।
দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।










































