শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির মায়ামি

ছবি : এএফপি

মেজর লীগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে শনিবার রাতে ৩-১ গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ৩-৩ ড্র করেছে ইন্টার মায়ামি। 

ঘরের মাঠে দুই গোলের লিড নেয় ফিলাডেলফিয়া। কিন্তু লিওনেল মেসি ৮৭তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে মিয়ামিকে আশা জাগান। এরপর ভেনেজুয়েলান তেলাসকো সেগোভিয়ার গোলে ড্র নিশ্চিত হয় মায়ামির।

মায়ামির ডিফেন্স ফিলাডেলফিয়ার কুইন সুলিভানকে থামাতে ব্যর্থ হলে ৭ম মিনিটে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৪৪তম মিনিটে বারিবো আরেকটি গোল করে ফিলাডেলফিয়াকে ২-০ এগিয়ে দেন। এরপর ৬০ মিনিটে নোয়া অ্যালেনের বাম দিক থেকে ক্রসে আর্জেন্টাইন তাদেও আলেন্দে হেড করে গোল করে ব্যবধান কমান। তবে ফিলাডেলফিয়া আবার দুই গোলে এগিয়ে যায়।

৮৬ মিনিট পর্যন্ত মায়ামি পিছিয়ে ছিল ৩-১ গোলে।

এরপর ৮৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান লিওনেল মেসি। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলকে হার থেকে বাঁচান সেগোভিয়া। 

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই এখন জয়হীন মায়ামি।

এই ৮ ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে ২৩টি। এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন তারা। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবস্থান ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। 

LEAVE A REPLY