শ্রেয়াস আইয়ার
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল, সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন ঋষভ পন্ত। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন করুণ নায়ার। তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন ফর্মে থাকা ব্যাটার শ্রেয়াস আইয়ার।
আইয়ার বর্তমানে ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য এবং সাম্প্রতিক মাসগুলোতে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দুই অভিজ্ঞ ব্যাটারের অবসরের পরও তার অনুপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। গতকাল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন ক্রিকবাজের এক আলোচনায় শেবাগ বিসিসিআইকে টেস্ট দলে শ্রেয়াস আইয়ারকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
শেবাগ বলেন, ‘নিশ্চিতভাবেই। ওর অধিনায়কত্বের জন্য তেমন কৃতিত্ব দেওয়া হয় না। মনোজ (তিওয়ারি) বলেছেন যে ঋষভ পন্তকে অধিনায়ক করা হয়নি কারণ তার আইপিএল ভালো যায়নি। কিন্তু আইয়ার তো দারুণ মৌসুম কাটিয়েছে, ও নিজেও একজন অধিনায়ক।
তাহলে ও কেন টেস্ট দলে থাকবে না? ও তো তিন ফরম্যাটেই খেলতে পারে।,
শেবাগ আরো বলেন, ফর্মে থাকা খেলোয়াড়কে দলের সঙ্গে রাখা উচিত, বিশেষ করে ইংল্যান্ডের মতো আগ্রাসী দলের বিপক্ষে সফরের সময়। ‘যখন কেউ ফর্মে থাকে, তখন তাকে দলে নেওয়াই যুক্তিযুক্ত। ও যদি একই অ্যাপ্রোচে টেস্টেও খেলে, তাহলে দল উপকৃত হবে। এমন ২-৩ জন ব্যাটার থাকলে প্রতিপক্ষের মধ্যে ভয় তৈরি হয়।ইংল্যান্ড যেখানে প্রতি ওভারে ৬-৭ রান করে, সেখানে ভারত যদি ৪-৫ রান রেটে খেলতে পারে, তাহলে ওদের চাপ দেওয়া সম্ভব,’ — বলেন শেবাগ।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে বাদ পড়ার পর শ্রেয়াস আইয়ার নিজেকে নতুন করে প্রমাণের লক্ষ্যে মনোনিবেশ করেন ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফি ২০২৩-২৪-এ মুম্বাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর ধারাবাহিকভাবে ওডিআই ক্রিকেটেও ভারতীয় দলের হয়ে ভালো পারফর্ম করেন। চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের সাফল্যে বড় অবদান ছিল তার।









































