সংগৃহীত ছবি
আসন্ন টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। দুদলের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই টুর্নামেন্টের, আর আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াই।
টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকে দুটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে।ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে থাইল্যান্ড ও হংকংকে। অন্যদিকে ‘বি’ গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
গ্রুপ পর্বের লড়াই শেষে উভয় গ্রুপের সেরা দুই দল টিকিট পাবে সেমিফাইনালের। সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের সেরা দল লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিরুদ্ধে।পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের সেরা দলের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।









































