প্লে-অফের আগে সুসংবাদ পেল বেঙ্গালুরু

আইপিএলের প্লে-অফ শুরুর আগেই বড় স্বস্তির খবর পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দলের প্রধান পেসার জশ হ্যাজলউড।

হ্যাজলউড চলতি আসরে মাত্র ১০টি ম্যাচ খেলেই ১৮ উইকেট নিয়ে রয়েছেন দলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়। কাঁধের চোটের কারণে তিনি ২৭ এপ্রিলের পর থেকে আর মাঠে নামেননি এবং ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে আইপিএল সাময়িকভাবে স্থগিত হলে তিনি দেশে ফিরে যান।

দেশে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এবং অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিসবেনে অনুশীলনের পর তিনি ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করলেও, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হারে শীর্ষ দুইয়ে থাকা কঠিন হয়ে পড়েছে আরসিবির জন্য। এই অবস্থায় হ্যাজলউডের ফেরা দলের জন্য হতে পারে স্বস্তির। লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে নামবে আরসিবি এবং সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে তারা শীর্ষ দুইয়ে থাকতে পারবে কি না।

LEAVE A REPLY