কোডারদের জন্য যে বার্তা দিলেন মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তা

ছবিসুত্র : এএফপি

মাইক্রোসফট সম্প্রতি ছয় হাজার কর্মী ছাঁটাই করেছে, যার বড় একটি অংশ ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার—এর মধ্যেই প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা জানিয়ে দিলেন, ‘কোডিং মরে যায়নি, বরং নতুন রূপ নিচ্ছে।’

মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) অপর্ণা চেন্নাপ্রাগাদা সম্প্রতি এক পডকাস্টে বলেন, ‘কম্পিউটার সায়েন্স পড়া বন্ধ করে দেওয়ার পরামর্শ আমি মোটেই সমর্থন করি না। আমি একেবারেই ভিন্নমত পোষণ করি।’

এই মন্তব্যটি এসেছে এমন এক সময়ে, যখন মাইক্রোসফট ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম গণছাঁটাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী, ওয়াশিংটন রাজ্যে ছাঁটাই হওয়া প্রায় দুই হাজার পদে সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই ছিলেন ৪০ শতাংশের বেশি। প্রকল্প ব্যবস্থাপকদের (প্রজেক্ট ম্যানেজার) ক্ষেত্রেও ছাঁটাই হয়েছে উল্লেখযোগ্য হারে—এই পদের ৩০ শতাংশই বাদ পড়েছে।

এআইয়ের উত্থান: সফটওয়্যার ডেভেলপমেন্টের পরিবর্তনশীল দৃশ্যপট

এই ছাঁটাইয়ের পেছনে অন্যতম বড় কারণ হলো মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-তে বিশাল বিনিয়োগ, যা সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন দিক স্বয়ংক্রিয় করছে।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা গত এপ্রিলেই জানিয়েছিলেন, এআই এখন অনেক প্রকল্পে ৩০ শতাংশ পর্যন্ত কোড লিখছে।

এর ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—মানব প্রোগ্রামারের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে? তবে অপর্ণা চেন্নাপ্রাগাদা মনে করেন, এআই আসলে প্রোগ্রামিংয়ের আরো একটি নতুন স্তর—এটা ‘অ্যাবস্ট্রাকশনের’ একটি প্রাকৃতিক অগ্রগতি।

তিনি বলেন, ‘আমরা আর অ্যাসেম্বলি ভাষায় কোড করি না। এমনকি অধিকাংশ প্রোগ্রামার এখন আর সি ভাষাতেও কোড করে না। আমরা ধাপে ধাপে আরো উচ্চস্তরের ভাষায় কাজ করছি।

’ তিনি ধারণা দেন, ভবিষ্যতে প্রোগ্রামাররা হতে পারেন ‘সফটওয়্যার অপারেটর’। তার ভাষায়, ‘সিএস’-এর বদলে হয়তো আমাদের থাকবে ‘এসও’। তবে তার মানে এই নয় যে, তোমাকে কম্পিউটার সায়েন্স বুঝতে হবে না।’

ম্যানেজমেন্ট পদেও চাপ

শুধু প্রোগ্রামাররাই নন, প্রজেক্ট ম্যানেজাররাও এই পরিবর্তনের ধাক্কা খাচ্ছেন। এআই এখন প্রচুর আইডিয়া ও প্রোটোটাইপ তৈরি করতে পারে, তাই ম্যানেজমেন্টের কাজ হবে ‘টেস্টিং’ এবং ‘এডিটিং’-এর মতো সৃজনশীল নির্ধারণমূলক দায়িত্ব।

চেন্নাপ্রাগাদা বলেন, ‘যখন ধারণা ও প্রোটোটাইপের সরবরাহ বিপুল পরিমাণে বেড়ে যাবে, তখন ভাবতে হবে—‘এখানে এডিটিং-এর ভূমিকা কী হবে?

একদিকে এআই-তে বিনিয়োগ, অন্যদিকে কর্মী ছাঁটাই 

মাইক্রোসফট চলতি অর্থবছরে এআই ইনফ্রাস্ট্রাকচারে ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, অথচ সেইসঙ্গে ব্যয় সংকোচনের অংশ হিসেবে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে। বিশ্লেষকদের মতে, এটি প্রযুক্তি জগতের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। অনেকের কাছে এটি আতঙ্কের হলেও, অপর্ণা চেন্নাপ্রাগাদা মনে করেন—‘এখনও কম্পিউটার সায়েন্স শেখার যথেষ্ট গুরুত্ব আছে। পরিবর্তিত বাস্তবতায় সেটি শুধু নতুন রূপে দরকার।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY