মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথম ইউরোপ সেরার শিরোপা জেতে পিএসজি। ফাইনালে উসমান দেম্বেলে গোল করতে না পারলেও, তার অসাধারণ খেলার জন্য পিএসজির কোচ লুইস এনরিকে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এনরিকের মতে, এবারের ব্যালন ডি’অর পাওয়ার সেরা প্রার্থী হলেন দেম্বেলে।
ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘সবাই ব্যালন ডি’অর নিয়ে আলোচনা করছে, আমার মতে এটি দেম্বেলের পাওয়া উচিত।
শুধু গোল নয়, আজ তিনি কীভাবে ডিফেন্ড করলেন, কীভাবে দলের হয়ে লড়াই করলেন—তা দেখেই বোঝা যায় তিনি কতটা অনন্য। সে একজন নেতা, বিনয়ী এবং সে আজ দারুণ ডিফেন্ড করেছে। কোনো সন্দেহ নেই, সে এটি পাওয়ার যোগ্য। এমন একটি মৌসুম আমরা তার কাছ থেকে পেয়েছি, সে অসাধারণ ছিল।
’
পিএসজি ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় আশরাফ হাকিমির গোলে। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দেজিরে দুয়ে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-০ ব্যবধান করে নেন দুয়ে। এরপর খাভিচা কাভারাস্কেইয়া ও এবং তরুণ সেনি মায়ুলু আরো দুই গোল করে ৫-০ গোলের জয় নিশ্চিত করে পিএসজি।
ম্যাচ শেষে দলের প্রশংসাও ঝরেছে এনরিকের কণ্ঠে। তিনি বলেন, ‘আমার দল অসাধারণ খেলেছে। ইন্টার মিলানের চাপে থাকা সত্ত্বেও দেম্বেলের প্রেসিং ছিল অসাধারণ। সে তাদের নিঃশ্বাস ফেলারও সুযোগ দেয়নি। আমরা যখনই সুযোগ পেয়েছি, গোল করেছি।প্রত্যেক খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সম্মিলিত শক্তি আমাদের শিরোপা জেতার পথে নিয়ে গেছে। এটা সত্যিই অসাধারণ।’










































