সংগৃহীত ছবি
বকেয়া বেতন চাওয়ায় রেগে গিয়ে নিজের গাড়ির চালককে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে ভারতীয় পরিচালক মণীশ গুপ্তের বিরুদ্ধে। গত শুক্রবার সেই পরিচালকের বিরুদ্ধে চালক রাজীবুল ইসলাম লস্কর ভারসোভা থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টা নাগাদ মণীশের অফিসে এ ঘটনা ঘটে। তার পরেই চালক আহত অবস্থায় থানায় অভিযোগ জানান।
গত তিন বছর ধরে মণীশের গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন অভিযোগকারী রাজিবুল ইসলাম লস্কর। মণীশের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, শান্তিভঙ্গ, উসকানি দেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তার নামে। ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছেন পরিচালক।
জিজ্ঞাসাবাদের সময় পরিচালক তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিয়োগ অস্বীকার করেছেন। তার গাড়ির চালক সবটাই মিথ্যা বলেছেন, এমনটাই দাবি করেছেন।
সেই পরিচালকের কথায়, ‘সিসিটিভি ফুটেজের স্ক্রিনশটে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, অভিযোগকারী রাজিবুল তার ডান হাত তার পেটের ওপর চেপে ধরে আছে। কিন্তু তার পেটের দিকে একটু জুম করে দেখুন, আপনি দেখতে পাবেন যে, সেখানে কোনো রক্ত নেই! যদি তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, তাহলে কিভাবে কোনো রক্ত নেই? সে স্বাভাবিকভাবেই হাঁটছে।
কোনো ছুরিবিদ্ধ ব্যক্তির মতো নয়। কারণ সে মিথ্যা বলছিল।’
এমনকি, এই তিন বছরে বেতন দেওয়ার বিষয়ে মণীশ ছিলেন অনিয়মিত, সেই অভিযোগও অস্বীকার করেন পরিচালক।
মণীশ গুপ্ত ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘ডর না জরুরি হ্যায়’-এর মতো ছবির পরিচালক। পরিচালনার আগে রামগোপাল ভার্মার কাছে চিত্রনাট্যকারের কাজ করতেন তিনি।‘সরকার’-এর চিত্রনাট্য তারই লেখা।










































