শুটিং সেটে কাজল পড়ে গেলেই সিনেমা হিট!

কাজল

সিনেমা হিট করার জন্য তারকারা কত কিছু করেন। কেউ মন্দিরে পূজা দেন তো কেউ দরগায় চাদর চড়ান। এ ছাড়া অনেক কুসংস্কারও অনুসরণ করতে দেখা যায় তারকাদের। তবে শুটিং সেটে নায়িকা পড়ে গেলেই সিনেমা হিট, এমন কুসংস্কার একমাত্র কাজলের ক্ষেত্রেই খাটে।

হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই ছিল প্রচলিত। 

সম্প্রতি বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার ফারহা খান তুলে ধরেছেন তেমনই একটি ঘটনার কথা। ‘কুছ কুছ হোতা হ্যায়’র পর থেকেই নাকি এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। ফারহা তাঁর ইউটিউব চ্যানেলে সেই সময়ের শুটিং সেটের একটি ঘটনা তুলে ধরেছেন।

যেখানে তিনি জানিয়েছেন, কাজল শুটিং সেটে পড়ে গেলে সেই সিনেমা হিট হবেই! 

ফারহা বলেন, “আমাদের সব সিনেমার সেটেই কাজল পড়ে যেতেন। যার মধ্যে অন্যতম ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। একটা সময়, যখনই তিনি পড়ে যেতেন, আমরা ধরে নিতাম সিনেমাটি হিট হবে। অনেক সিনেমায় কাজল পড়ে গিয়েছিল আর সেটি হিট হয়েছিল।

শুধু ফারহা খানই নয়, কাজলকে নিয়ে প্রচলিত এমন ধারণার কথা জানালেন করন জোহরও। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-র একটি ভিডিও ক্লিপ শেয়ার করে একবার করন জোহর বলেছিলেন, শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালাতে গিয়ে নাকি মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন কাজল। শুধু তা-ই নয়, এর পর যা ঘটেছিল তা নাকি কোনোভাবেই ভুলতে পারবেন না করন। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর নাকি কাজলের স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল খানিকক্ষণের জন্য। এমনই অবস্থা হয়েছিল যে ঘটনার পর সেটের অনেকেই ভেবেছিলেন আর কিছু মনে নেই কাজলের।বেশ কিছুক্ষণ নাকি বলতে পারেননি কে তিনি, কেন এখানে আছেন।

তবে শুধু কাজলই নয়, প্রীতি জিনতার ক্ষেত্রেও একবার এমনটা ঘটেছিল। ফারহা খান বলেন, ‘কাল হো না হো’-এর শুটিংয়ের সময়ে প্রীতি জিনতা একটি সেতুর ওপর শট দিচ্ছিলেন এবং তিনি পড়ে যান। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম। মনে হয়েছিল, এবার সিনেমাটি হিট হতে হবেই। তেমনটাই হয়েছিল।

এরপর মজা করে ফারহা খান বলেন, ‘আমি মাঝে মাঝে আমার অভিনেতাদের সেটে ঠেলে দিই পড়ার জন্য।’ 

LEAVE A REPLY