ভেনিসে জেফ বেজোসের রাজকীয় বিয়ে, অতিথি তালিকায় থাকছেন যারা

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বহু প্রতীক্ষিত রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা ইতালির ভেনিস শহরে শুরু হয়েছে। বহুদিন ধরে পরিকল্পিত এই বিয়ের আয়োজনে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন বিশ্ব রাজনীতি, ব্যবসা ও হলিউড অঙ্গনের নামি-দামি তারকারা।

প্রায় ২০০ থেকে ২৫০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুর উপস্থিতিতে বিখ্যাত ‘ভাসমান শহর’ ভেনিসে গাঁটছড়া বাঁধবেন বেজোস ও সানচেজ। ইতোমধ্যে ইতালিতে পৌঁছাতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারকে।

এর আগে লরেন সানচেজের প্যারিসে ব্যাচেলরেট পার্টি এবং বেজোসের ইয়ট ‘কোরু’-তে ও বিলিওনিয়ার ব্যারি ডিলার ও ডিজাইনার ডায়ান ভন ফারস্টেনবার্গের বাড়িতে আংটিবদলের অনুষ্ঠানেও অনেক নামজাদা অতিথিরা উপস্থিত ছিলেন। তাই এবারও বেজোসের বিয়ের তালিকায় বড় তারকাদের থাকার সম্ভাবনা রয়েছে।

২০১৯ সালে বেজোসও সানচেজের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে মেট গালা, ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টি ও ফর্মুলা ওয়ান রেসের মতো অ্যা-লিস্ট ইভেন্টে নিয়মিত দেখা গেছে বেজোস ও সানচেজকে।

৬৭ কোটি টাকার রাজকীয় বিয়ে

বিয়ের আয়োজনের ব্যয় ধরা হয়েছে ৪০-৪৮ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৪৬.৫ থেকে ৫৫.৬ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন ভেনিস অঞ্চলের গভর্নর লুকা জাইয়া।

জানা গেছে, বেজোস ইতালির জন্য বিভিন্ন দাতব্য তহবিল গঠন করবেন, এর মধ্যে তিনি ভেনিসের ল্যাগুন পরিবেশব্যবস্থা নিয়ে গবেষণারত সংস্থা কোরিলাকে ১০ লাখ ইউরো অনুদান করবেন।

যদিও বিয়ের মূল অনুষ্ঠান কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, তা এখনও গোপন রাখা হয়েছে; তবে জানা গেছে, প্রধান অনুষ্ঠান হবে ভেনিসের ঐতিহাসিক ‘আর্সেনালে’, যেখানে ১৫ শতকে ভেনিসের নৌবাহিনীর জাহাজ তৈরি হতো।

স্থানীয়দের ক্ষোভ ও প্রতিবাদ

বেজোসের এই জমকালো বিয়ে ঘিরে ভেনিসের কিছু স্থানীয় বাসিন্দা অসন্তোষ প্রকাশ করেছেন। শহরজুড়ে ‘No space for Bezos’ লেখা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। অতিরিক্ত পর্যটনের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু বিক্ষোভকারী বিয়ের আয়োজনে বিঘ্ন ঘটানোর হুমকিও দিয়েছেন।

তবে এসব প্রতিবাদের মাঝেও ভেনিস শহরের প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিয়েকে স্বাগত জানিয়ে বিক্ষোভকারীদের সমালোচনা করেছে।

৯০টি প্রাইভেট জেট, ৩০টি জলযান ও ৫টি হোটেল বুকিং

বিয়ের অতিথিদের জন্য প্রায় ৯০টি প্রাইভেট জেট ভেনিস, ত্রেভিসো ও ভেরোনার বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন লুকা জাইয়া। অতিথিদের যাতায়াতের জন্য ভেনিসের বিভিন্ন কোম্পানির ৩০টির বেশি ওয়াটার ট্যাক্সিও বুক করা হয়েছে।

বিয়েতে আসা অতিথিদের জন্য ভেনিসের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি হোটেল পুরোপুরি বুক করা হয়েছে। এর মধ্যে রয়েছে গিদেকা দ্বীপের হোটেল চিপ্রিয়ানি এবং গ্র্যান্ড ক্যানালের পাশে অবস্থিত হোটেল আমান।

বিয়ের অতিথিদের তালিকায় যারা রয়েছেন:

• ইভানকা ট্রাম্প ও জ্যারেড কুশনার

• ব্যারি ডিলার ও ডায়ান ভন ফারস্টেনবার্গ

• এনএফএল হল অব ফেমার টনি গঞ্জালেজ ও স্ত্রী অক্টোবরে গঞ্জালেজ

• ফক্স স্পোর্টস রিপোর্টার চেরিসা থম্পসন

• জেফ বেজোসের বাবা মিগুয়েল বেজোস

• অ্যামাজনের বর্তমান সিইও অ্যান্ডি জ্যাসি

• লেখক হিউ হাওয়ি ও তার স্ত্রী শে লন্ড্রে

• আইল্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা স্পেনসার অ্যান্টেল

• অ্যামাজনের প্রথমদিকের বিনিয়োগকারী বিল মিলার

• বিনিয়োগকারী জশ কুশনার

বিশ্বজুড়ে নজর কাড়ছে এই বিলাসবহুল বিয়ের আয়োজন, যা ভেনিসের ইতিহাসে অন্যতম আলোচিত অনুষ্ঠান হয়ে উঠতে চলেছে।

LEAVE A REPLY