ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘাত পিছুই ছাড়ছে না পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ২০২৭ সালেও এই দুই টুর্নামেন্ট একই সময়ে মাঠে গড়াবে।ফলে টানা তৃতীয়বারের মতো ভারত ও পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের সূচিতে সংঘাত হতে চলেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে ২০২৭ সালের ১৮ মার্চ, ফাইনাল ২ মে। আট দলের অংশগ্রহণে হবে পুরো টুর্নামেন্ট। গত মাসে লন্ডনে পিএসএল পরিচালনা পর্ষদের সভায় ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
এদিকে, আইপিএলের ২০তম আসরের আনুষ্ঠানিক সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে অতিরিক্ত গরম ও বর্ষা মৌসুমে বৃষ্টির ঝুঁকি কমাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া ২০২৭ সালের ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়কে সম্ভাব্য সূচি হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের ভাবনা উঠেছিল। মূলত আইপিএলের সঙ্গে সূচির সংঘাত এড়ানো এবং সম্প্রচার ও বিজ্ঞাপন আয় বাড়ানোর লক্ষ্যেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।তবে পাকিস্তানের শীত, কুয়াশা এবং রমজানের সময়সূচিসহ নানা বাস্তবতায় শেষ পর্যন্ত মার্চ থেকে মে মসকেই বেছে নেওয়া হয়েছে।
২০২৫ ও ২০২৬ সালেও আইপিএলের সঙ্গে একই সময়ে হয়েছিল পিএসএল। সূচির এই সংঘাতে বিদেশি খেলোয়াড়দের নিয়েও তৈরি হয়েছিল প্রতিযোগিতা। বিশেষ করে আইপিএলের বিশাল বাজার ও আর্থিক শক্তির কারণে পিএসএলকে তুলনামূলক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।
তবু পিএসএল নিয়ে আশাবাদী পিসিবি।গত আসরে আট দলে সম্প্রসারণ ও রেকর্ড দর্শক উপস্থিতির পর ২০২৭ আসর আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করছে তারা।








































