গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে ম্যাক্স ডাউম্যান। ছবি: এক্স
বয়স সবে ১৬। এরই মধ্যে ফুটবল ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন ম্যাক্স ডাউম্যান।আর্সেনালের এই বিস্ময় বালক এবার হাতে পেলেন তিনটি গিনেস বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক সনদ। ইংলিশ ও ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত উত্থানের স্বীকৃতি হিসেবে তার হাতে এসব সনদ তুলে দেওয়া হয়।
ডাউম্যানের তিন রেকর্ডের প্রথমটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ২০২৫ সালের ৪ নভেম্বর স্লাভিয়া প্রাগের বিপক্ষে মাঠে নেমে ১৫ বছর ৩০৮ দিন বয়সে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন।
এরপর এ বছরের ১৪ মার্চ এভারটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে আরেকটি রেকর্ড নিজের করে নেন ডাউম্যান। ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে তিনি হয়ে যান ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা।
তৃতীয় রেকর্ডটি আসে গত মৌসুমের শেষে। ২২ বছর পর আর্সেনাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলে ১৬ বছর ১৪৪ দিন বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের রেকর্ড গড়েন ডাউম্যান।
তিন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফুটবল সংস্করণ ২০২৭-এর ‘ক্লাস অব ২৭’-এর প্রথম খেলোয়াড় হিসেবেও জায়গা পেয়েছেন ডাউম্যান। তার সঙ্গে এই তালিকায় আছেন লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ডের মতো তারকারা।








































