বাবরকে ছাড়িয়ে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডু প্লেসিস

যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন। সাবেক এই প্রোটিয়া ব্যাটার টি-টোয়েন্টিতে নিজের অষ্টম শতক পূর্ণ করেছেন—যা কোনো অধিনায়কের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে অধিনায়ক হিসেবে এটাই সবচেয়ে বেশি শতকের রেকর্ড। ৪০ বছর বয়সি ডু প্লেসিস তার ২০৫তম ম্যাচে অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন।

এর আগে পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল ক্লিঙ্গার এই তালিকায় শীর্ষে ছিলেন। বাবর ১৪৪ ম্যাচে ৭টি শতক করেছেন, আর ক্লিঙ্গার ১২০ ম্যাচে করেছেন ৭টি।

ম্যাচে ডু প্লেসি ৫৩ বলে অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছয়।

তার এই শতকের সুবাদে টেক্সাস সুপার কিংস ২২৩ রান তোলে এবং এমআই নিউ ইয়র্ককে ৩৯ রানে হারায়। 

এই শতক দিয়ে তিনি ৪০ বছর বয়সের পর দুইটি টি-টোয়েন্টি শতক করা বিশ্বের প্রথম ব্যাটার হন। পাকিস্তানের যুবায়ের আহমেদ, আফগানিস্তানের ইমরান জানাত, জিম্বাবুয়ের গ্রাহাম হিক ও ইংল্যান্ডের পল কলিংউড ৪০-এর পর একটি করে শতক করেছেন।

মেজর লিগ ক্রিকেটে তিনটি শতক করে এই লিগে সর্বোচ্চ শতকের মালিক এখন ডু প্লেসিস।

এটি তার চলতি মৌসুমের দ্বিতীয় শতক। ২১ জুন সান ফ্রান্সিসকোরে বিপক্ষে তিনি ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের তালিকায় ফাফ ডু প্লেসি এখন চতুর্থ। তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল—২২ শতক নিয়ে। এরপর রয়েছেন বাবর আজম (১১), রাইলি রুশো ও বিরাট কোহলি (৯ করে)।

আটটি শতক রয়েছে মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার এবং রোহিত শর্মার।

LEAVE A REPLY