গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, ইউএনওসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। 

একই সঙ্গে হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

বুধবার (১৬ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

নেতারা বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেও তাঁর দোসররা দেশে রয়ে গেছে।

সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী আবারও মাথাচাড়া দিচ্ছে। তারা এনসিপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েক দফা হামলা চালিয়ে এবং ককটেল বিস্ফোরণ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং এর সদস্যদের আহত করেছে। তারা ফের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তবে অন্তর্বর্তী সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্লিপ্ততা ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।

তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচির সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া। তারা সেটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মাণ হয়।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় ফ্যাসিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি আমাদের শুধু ধ্বংসের দিকেই ধাবিত করবে।

এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ।

LEAVE A REPLY