রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাদল বায়ে মাদল তালে’ কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে এক আবৃত্তি ও সংগীত সন্ধ্যা। গেল শুক্রবার বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য বাচিকশিল্পী আশরাফুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান, এবং বিশিষ্ট লেখক ও শিল্পী অধ্যাপক আহমেদ রেজাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্রের সভাপতি সৈয়দা সাজিদা খানম।
বৃষ্টিময় আবহে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রজন্মের খ্যাতিমান বাচিকশিল্পী ও কণ্ঠশিল্পীরা।
দ্বিতীয় পর্বে সংগঠনের শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের শিশু শিল্পীদের পরিবেশনায় ‘আয় বৃষ্টি ঝেপে’ শীর্ষক একটি মনোগ্রাহী পর্ব, যা দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। এমন সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মাঝে শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকরা।








































