মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি এমন গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। আলোচিত সেই ঘটনাকে আমির পর্দায় আনতে যাচ্ছেন শুনে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত হয়ে পড়ে। তবে বিষয়টিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন আমির খান।
জানালেন, এ ধরনের কোনো সিনেমা তিনি করছেন না।
প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় স্বামীকে খুন করে দেহ গায়েব করে ফেলে নববধু সোনম। গত জুন মাসে এ হত্যাকাণ্ড দেখে শিউড়ে উঠেছিল গোটা ভারত। এবার সেই নির্মম ঘটনাই পর্দায় ফুটে উঠবে বলে গুঞ্জন শুরু হয় সম্প্রতি।
আমির খান নাকি খুনি সেই স্ত্রী সোনমের খোঁজখবরও নিচ্ছেন, এমন বহু গুঞ্জনে সয়লাব বলিউড অঙ্গন। সবাই জানে যে, আমির খান একাধিকবার বাস্তব ঘটনা পর্দায় ফুটিয়ে তুলেছেন। সিনেমার মাধ্যমে সামাজিকবার্তা কিংবা সচেতনতার প্রচার করতে মিস্টার পারফেকশনিষ্ট-এর জুড়ি মেলা ভার। তবে এবার সেইসব জল্পনার অবসান ঘটালেন আমির নিজেই।
সম্প্রতি মেঘালয়ের সেই খুনের গল্পে সিনেমা বানানোর জল্পনা নিয়ে মুখ খুললেন আমির খান। এক বলিউড সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এ সুপারস্টার জানিয়েছেন, “এটা একেবারে ভুয়া খবর। ভিত্তিহীন। আমি নিজেই জানি যে, কোথা থেকে এমন জল্পনার সূত্রপাত। এরকম কোনও পরিকল্পনা আমার নেই।
’
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত তথা প্রযোজিত ‘সিতারে জামিন পার’। সিনেমাটি সমালোচক থেকে দর্শক, সব জায়গায় প্রশংসিত হয়েছে। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে দিয়েছে এটি। এই সিনেমার হাত ধরেই আট বছরের অভিশপ্ত ক্যারিয়ারের দুঃসময় কাটালেন আমির খান। আট বছর পর বক্স অফিসে হিটের মুখ দেখলেন অভিনেতা।









































