১৫ মিনিট শ্বাস ধরে আলোচনায় বিদ্যুৎ জামওয়াল

বলিউড অভিনেতা ও মার্শাল আর্টশিল্পী বিদ্যুৎ জামওয়াল ১৫ মিনিট শ্বাস ধরে রাখার একটি প্রদর্শন করে আলোচনায় এসেছেন। ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রদর্শন করেন তিনি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে তরুণদের উদ্দেশে ‘এক বার রুক যাও’ বার্তা দেন বিদ্যুৎ। আধুনিক জীবনের নানা চাপ ও ব্যস্ততার মধ্যে কিছুটা থেমে নিজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মার্শাল আর্ট ও শারীরিক প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বিদ্যুতের। অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের পাশাপাশি ফিটনেস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা নিয়েও নিয়মিত কথা বলেন তিনি।

২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যুতের। এরপর ‘কমান্ডো’, ‘কমান্ডো ২’, ‘জঙ্গলী’, ‘খুদা হাফিজ’ ও ‘ক্র্যাক’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। মার্শাল আর্টের দক্ষতার জন্য ভারতের বাইরেও পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

ছোটবেলা থেকেই কেরালার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কলারিপায়াত্তুতে প্রশিক্ষণ নিয়েছেন বিদ্যুৎ।তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের এই প্রশিক্ষণ তার ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয়জীবনেও প্রভাব ফেলেছে।

হলিউডে অভিষেক

এদিকে ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে বিদ্যুৎ জামওয়ালের। জনপ্রিয় ভিডিও গেমের চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে।

সম্প্রতি মুম্বাইয়ে প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়ার আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বিদ্যুৎ। সেখানে তাকে নিয়ে একটি বিশেষ ফিচারও প্রকাশ করা হয়।

সিনেমাটির নির্মাতা কিতাও সাকুরাই। এতে রিউ চরিত্রে অ্যান্ড্রু কোজি, কেন মাস্টার্স চরিত্রে নোয়া সেন্টিনিও এবং ব্লাঙ্কা চরিত্রে জেসন মোমোয়া অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন ক্যালিনা লিয়াং, জো আনোআই, ডেভিড ডাস্টমালচিয়ান, কোডি রোডস, অ্যান্ড্রু শুলজ, এরিক আন্দ্রে, অলিভার পেকসহ অনেকে।

১৯৯৩ সালের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে রিউ ও কেনকে ঘিরে গল্প এগিয়েছে। চুন-লি তাদের ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য যুক্ত করেন। পরে তারা একটি বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েন।

ভারতে আগামী ১৬ অক্টোবর ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তির কথা রয়েছে ‘স্ট্রিট ফাইটার’-এর।

LEAVE A REPLY