নেপালের আদালতের রায় নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি : ইউএস-বাংলা

সংগৃহীত ছবি

সম্প্রতি নেপালের একটি ইংরেজি দৈনিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে একটি আদালতের রায় হয়েছে—এমন দাবি করা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বা রায়ের কপি পায়নি ইউএস-বাংলা কর্তৃপক্ষ। নেপালের ইংরেজি দৈনিক কাঠমাণ্ডু পোস্টের বরাতে ওই দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে ইউএস-বাংলাকে নেপালের আদালত নির্দেশ দিয়েছেন বলে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের লিগ্যাল টিম বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করছে। আদৌ এমন কোনো রায় হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যদি বাস্তবেই কোনো রায় থেকে থাকে, তাহলে তা আইনগত বিশ্লেষণের মাধ্যমে যথাযথ সময়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে জানানো হবে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষের মতে, আদালতের কোনো নিশ্চিত নথি বা রায়ের অনুলিপি ছাড়া আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তারা বিবৃতিতে বলে, ‘আদালতের নিশ্চিত তথ্য ছাড়া এই ধরনের সংবাদ পরিবেশনে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অপপ্রচার বন্ধে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কাঠমাণ্ডু পোস্ট সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করে, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে নেপালের একটি আদালত রায় দিয়েছেন। যদিও প্রতিবেদনটির সঙ্গে কোনো রায়ের কপি সংযুক্ত ছিল না।

ইউএস-বাংলা জানিয়েছে, নেপালের পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

LEAVE A REPLY