সংগৃহীত ছবি
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই খেলোয়াড়ের নাম ট্রান্সফার লিস্টে তুলে দিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। ক্লাবের এক বিবৃতিতে সোমবার জানানো হয়, ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রেবিওত ও ইংল্যান্ডের উইঙ্গার জনাথন রোয়ে ‘অগ্রহণযোগ্য আচরণে’র জন্য আর মার্সেই স্কোয়াডের অংশ নন।
গত সপ্তাহে লিগ আঁতে রেনের বিপক্ষে ১-০ গোলে হারে মার্সেই। এরপর ড্রেসিংরুমে রেবিওত ও রোয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ম্যাচ শেষে এই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
মার্সেইর বিবৃতিতে বলা হয়, ‘ড্রেসিংরুমে খেলোয়াড়দের আচরণ আমাদের অভ্যন্তরীণ নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী। কোচিং স্টাফের সঙ্গে আলোচনার পর দুই খেলোয়াড়কে ট্রান্সফার লিস্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সোমবার তা আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়েছে।’
জনাথন রোয়ে গত বছরের আগস্টে নরউইচ সিটি থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে মার্সেইতে যোগ দেন।
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক এ উইঙ্গার এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৩১ ম্যাচে মাঠে নেমে তিন গোল করেছেন।
অন্যদিকে, অভিজ্ঞ মিডফিল্ডার রেবিওতকে এর আগে পিএসজি থেকেও বের করে দেওয়া হয়েছিল। এরপর জুভেন্টাসে পাঁচ মৌসুম কাটানোর পর গত সেপ্টেম্বর মার্সেইতে ফ্রি ট্রান্সফারে যোগ দেন তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচ খেলা এ ফুটবলার মার্সেইর হয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে করেছেন ১০ গোল।









































