ঘরোয়া মৌসুমের শুরুতেই বসুন্ধরা কিংসের ডাগ আউটে দেখা যাবে নতুন কোচকে। ক্লাব সূত্রে জানা গেছে, এরই মধ্যে এক আর্জেন্টাইন কোচকে চূড়ান্তও করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী মাসের প্রথম সপ্তাহেই তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। মৌসুম শুরুর টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এই আর্জেন্টাইন কোচের নতুন অভিযান।
এবারই প্রথম লাতিন কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন এবং গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা।
কিংসে অবশ্য তিন আর্জেন্টাইন ফুটবলার এর আগে খেলে গেছেন। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা হের্নান বারকোস খেলেছেন ২০২০ সালে।
এর আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে এবং সর্বশেষ গত মৌসুমে খেলেছেন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।








































