২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফ্রিকার এই তিন দেশেই হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসর। তবে কোথায় কত ম্যাচ হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেই ধোঁয়াশা কেটে গেল।
ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘোষণা করেছে, ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ৫৪টির মধ্যে ৪৪টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নির্বাচিত ভেন্যুগুলো হলো—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গকেবেরাহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল।
অন্যদিকে, বিশাল এ ইভেন্টের বাকি ১০টি ম্যাচ জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে।
তবে ৪৪ ম্যাচের কোনটি কোন মাঠে হবে তা এখনো জানায়নি দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে সূচি ঘোষণা হলেই এই ব্যাপারে বিস্তর ধারণা পাওয়া যাবে।
স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড, যার প্রধান দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।
২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আইসিসি পুরুষ ইভেন্ট হবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।
দেশটি ২০০৭ সালে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী সংস্করণের আয়োজকও ছিল। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা দুটি নারী বিশ্বকাপের আয়োজন করেছে –২০০৫ সালের ওডিআই ও ২০২৩ সালের টি-টোয়েন্টি।









































