ফ্ল্যামেঙ্গোর ১৭ বছর বয়সী উইঙ্গার রায়ান রবার্তো।
ফুটবল ট্রান্সফার বাজারে আবারও ব্রাজিলিয়ান তরুণদের দিকে নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ যে নামটি ইউরোপের বড় ক্লাবগুলোর আলোচনায় উঠে এসেছে, তিনি ফ্ল্যামেঙ্গোর ১৭ বছর বয়সী উইঙ্গার রায়ান রবার্তো।
স্পেনের সংবাদমাধ্যম ডিফেন্সা সেন্ট্রাল জানিয়েছে, রবার্তোর পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের অনূর্ধ্ব–১৭ লিগে দুর্দান্ত নৈপুণ্যে তিনি ইতোমধ্যেই নজর কেড়েছেন প্রতিভা সনাক্তকরণে রিয়ালের বিশেষজ্ঞ জুনি কালাফাতের।
এই মৌসুমে ফ্ল্যামেঙ্গো অনুর্ধ্ব-১৭ দলের হয়ে ২১ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন রবার্তো। বাম প্রান্তে খেলতে পছন্দ করা এই ফুটবলার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোল–অ্যাসিস্টে পরিণত করার ক্ষমতায় ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।
গতি, সৃজনশীলতা এবং ফাইনাল থার্ডে পরিপক্বতা—এই তিনের মিশ্রণে তরুণ প্রতিভাদের সন্ধানী রিয়াল মাদ্রিদের স্কাউটিং প্রধান জুনি কালাফাতও স্বাভাবিকভাবেই তার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
দক্ষিণ আমেরিকায় তরুণ প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে কালাফাতের সাফল্যের গল্প চেনা।ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো, সর্বশেষ এন্ড্রিক, সবাই তার নেটওয়ার্কের সাফল্যের ফল। এ কারণে রবার্তো রিয়াল মাদ্রিদের নজরদারিতে আসাটা খুব একটা বিস্ময়কর নয়।
তবে রায়ানকে দলে আনতে রিয়াল একা নয়। পিএসজিও বেশ আগ্রহী তরুণ এই প্রতিভার প্রতি।আর্জেন্টাইন বিস্ময়-বালক ফ্রাঙ্কো মাস্তান্তুওনোকে হাতছাড়া করার পর রায়ানকে দলে নিতে আরো বেশি উদ্যোগী হয়েছে ফরাসি ক্লাবটি।
তরুণ উইঙ্গারের ক্রমবর্ধমান চাহিদার পর ফ্ল্যামেঙ্গো তার রিলিজ ক্লজ নির্ধারণ করেছে ৫০ মিলিয়ন ইউরো। মাত্র ১৭ বছরের খেলোয়াড়ের জন্য এটি বড় অঙ্ক হলেও অসাধারণ প্রতিভা কিনতে রিয়াল মাদ্রিদের ইতিহাস বলছে, তারা ঝুঁকি নিতে দ্বিধা করে না।











































