সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান

বাংলাদেশি ফুটবলের উদীয়মান সেনসেশন এবং দেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম রূপকার রোনান সুলিভান। আস্থার প্রতিদান দিয়ে এবার প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে কোচ থমাস ডুলির ডাক পেয়েছিলেন তিনি।আমেরিকা থেকে উড়ে এসে লাল-সবুজ জার্সিতে মাঠে নামার সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে এক ইনজুরি সেই স্বপ্নযাত্রায় দেয়ালের মতো এসে দাঁড়াল। চোটের কারণে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না এই তরুণ ফরোয়ার্ডের।

বাফুফের সূত্রের বরাতে সংবাদমাধ্যম ঢাকা পোস্ট জানিয়েছে, ইনজুরির বাধায় শেষ পর্যন্ত ছিটকে গেছেন রোনান।মূলত নভেম্বরের শুরুর দিকে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা না থাকলেও, পরবর্তীতে নিজের কলেজ কোচের কাছ থেকে বিশেষ ছুটি আদায় করতে সক্ষম হন তিনি।

এরপর বাফুফেকে নিশ্চিত করেন যে আগামী ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পুরো সময়টা তিনি জাতীয় দলের ডেরায় থাকতে পারবেন। সেই মোতাবেক আমেরিকান সময় গত ১ নভেম্বর রাতেই তার বিমান টিকিট কনফার্ম করেছিল ফেডারেশন। কিন্তু ইনজুরির কারণে শেষ মুহূর্তে এসে সেই টিকিট বাতিল করেছে বাফুফে।

উল্লেখ্য, সাফ টুর্নামেন্টের জন্য গত ১৮ অক্টোবরের মধ্যে প্রাথমিক ২৮ সদস্যের দল জমা দেওয়ার কথা থাকলেও, স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ এখনও সেই তালিকা জমা দেয়নি। তবে কোচ থমাস ডুলি তার পরিকল্পনায় রোনান সুলিভানের নাম আগে থেকেই অন্তর্ভুক্ত করে রেখেছিলেন। কিন্তু রোনানের এভাবে ছিটকে যাওয়ায় আক্রমণভাগ বা স্ট্রাইকিং পজিশন নিয়ে কোচ ডুলির কপালে চিন্তার ভাঁজ এখন আরও দীর্ঘ হয়েছে। বাধ্য হয়েই এখন স্কোয়াড নতুন করে সাজাতে হচ্ছে এই কোচকে।

রোনানের অনুপস্থিতি এবং ইনজুরি সমস্যা শুধু স্ট্রাইকিং লাইনেই নয়, গ্রাস করেছে দলের অন্যান্য বিভাগেও।বর্তমানে ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। পাশাপাশি জ্বর থেকে সবেমাত্র সেরে উঠেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন। একদিনের বিরতির পর আজ সকালে দলীয় অনুশীলন করিয়েছেন কোচ ডুলি। তবে দলের খেলোয়াড় সংকট ও ফিটনেস সমস্যার কারণে এখনও পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে দুই ভাগে বিভক্ত করে কোনো ম্যাচ প্র্যাকটিস করাতে পারেননি তিনি।

পরিস্থিতি সামাল দিতে কোচকে আরো কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ দল। এছাড়া দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের মধ্যে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামও এখনও দলের সঙ্গে যোগ দেননি। তবে আশার কথা হলো, আগামীকালই তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। 
 

LEAVE A REPLY