ফেররান তোরেসের সঙ্গে গোল উদযাপন করছেন লামিনে ইয়ামাল। ছবি : রয়টার্স
আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। আর সেই প্রত্যাবর্তন উপলক্ষ্যে যেন গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ঘরে ফেরাটা স্মরণীয় করে রাখলেন ইয়ামালরা।
ক্যাম্প ন্যুর বিশাল গ্যালারি অবশ্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়।
তাই ধারণক্ষমতার অর্ধেকেরও কম, প্রায় ৪৫ হাজার দর্শক আজ মাঠে ঢোকার সুযোগ পেয়েছেন। আগামী মৌসুমে পুরো গ্যালারি উন্মুক্ত হলে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক ধারণ করতে পারবে নবরূপে সাজানো এই স্টেডিয়াম।
ঝলমলে আতশবাজির আলোয় শুরু হওয়া ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। ম্যাচের চতুর্থ মিনিটেই লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান।
নটিংহামের কাছে বিধ্বস্ত হয়ে শীর্ষ ১০ থেকে ছিটকে গেল লিভারপুল
বিরতির পর তৃতীয় মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ফেরমিন লোপেজ। আর ৯০ মিনিটে ফেরান তোরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।
৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখলে বাকি সময় সময় ১০ জন নিয়ে খেলে বিলবাও।সেই সুযোগ কাজে লাগিয়েই রাজকীয়ভাবে ঘরে ফেরাটা উদযাপন করেছে বার্সেলোনা।
এই জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠেছে বার্সা। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩১। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষে উঠবে রিয়াল।











































