আইপিএল নিলামে মুস্তাফিজকে কিনতে পারে যে দুই দল

সংগৃহীত ছবি

আইপিএলের আসন্ন মিনি নিলামকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গুছিয়ে নেওয়ার কাজ শেষের পথে। এদিকে মিনি নিলামে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় থাকা এই পেসারকে দলে নিয়ে ডেথ ওভারের সমস্যার সমাধান চাইতে পারে দলগুলো। 

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে এক প্রতিবেদনে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজের দিকে চোখ এখন চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের।

ডেথ ওভারে অভিজ্ঞতা, কাটারের বৈচিত্র্য আর চাপের মুহূর্তে বল করার সামর্থ্য—এই তিন গুণই তাকে অকশনের অন্যতম আলোচিত নাম করে তুলেছে।

৪৩ কোটি ৪০ লাখ রুপির বড় পার্স নিয়ে অকশনে নামছে চেন্নাই সুপার কিংস। স্কোয়াডে এখনো ৯টি জায়গা ফাঁকা, যার মধ্যে ৪টি বিদেশি কোটা। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ প্রায় স্থির হলেও বড় সমস্যা মাঝের ও শেষের ওভার।

গত মৌসুমে ডেথ ওভারে রান দেওয়ার দিক থেকে সবচেয়ে দুর্বল দল ছিল চেন্নাই। সেই জায়গায় নাথান এলিসের পাশে একজন নির্ভরযোগ্য বিদেশি পেসার জরুরি। ম্যাথিশা পাতিরানাকে ছেড়ে দেওয়ায় সেই শূন্যতা আরও স্পষ্ট। ফলে মুস্তাফিজুরকে ফেরানোর চেষ্টা করলে অবাক হওয়ার কিছু নেই।

এ ছাড়া রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ট্রেড করে দেওয়ার পর অলরাউন্ডারের ঘাটতিও প্রকট। তবে মুস্তাফিজুর মূলত ডেথ ওভারের সমাধান হিসেবেই চেন্নাইয়ের ভাবনায় এগিয়ে আছেন। বড় পার্স থাকায় তাকে পেতে দর কষাকষিতে পিছিয়ে থাকার কথা নয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।

চেন্নাইয়ের সম্ভাব্য টার্গেট– মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, প্রশান্ত ভির ও সানি সান্ধু। 

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের পার্স তুলনামূলক ছোট—২১ কোটি ৮০ লাখ রুপি।

তবু স্কোয়াডের ভারসাম্য ভালো। সমস্যা মূলত পেস বোলিং ইউনিটে। টি নটরাজনের ফিটনেস নিয়ে সংশয়, আর গত মৌসুমে ডেথ ওভারে নিয়মিত রান খরচ করেছে দিল্লির বোলাররা।

মিচেল স্টার্কের পাশে একজন অভিজ্ঞ বিদেশি পেসার চাই কোচিং স্টাফের। এই জায়গায় মুস্তাফিজুর দিল্লির জন্য আদর্শ পছন্দ হতে পারেন। আগেও দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার, ভারতীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাও প্রমাণিত।

দিল্লি চাইলে ওপেনিং জুটি শক্তিশালী করতে কুইন্টন ডি কক বা জনি বেয়ারস্টোর দিকে যেতে পারে। তবে ডেথ ওভারের সমস্যার দ্রুত সমাধান না হলে শিরোপা-স্বপ্ন আবারও যে ধাক্কা খেতে পারে তা জানে ক্যাপিটালস শিবির।

দিল্লির সম্ভ্যাব্য টার্গেট– মুস্তাফিজুর রহমান, কুইন্টন ডি কিক, পাথুম নিসাঙ্কা, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিশা পাথিরানা, ম্যাট হেনরি। 
 

LEAVE A REPLY