পাকিস্তান দলের নতুন পেসার সাকিব খান। ছবি: পিসিবি
দেশের হয়ে দুর্দান্ত অভিষেকের স্বপ্ন দেখেন প্রায় সব ক্রিকেটার। কারও কারও স্বপ্ন পূরণ হয় কৈশোরে বা তারুণ্যে।তবে পাকিস্তানি পেসার সাকিব খানের গল্পটা একটু অন্য রকম।
দীর্ঘ অপেক্ষা, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের লড়াই আর সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা—সবকিছুর পর ৩১ বছর বয়সে গায়ে উঠেছে পাকিস্তান জাতীয় দলের জার্সি। কিন্তু সাকিবের টেস্ট অভিষেকে দল ছিল ব্যাকফুটে।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৪০৪ রান তুলে গতকাল তৃতীয় দিন শেষ করেছিল।ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস সেঞ্চুরি পেরিয়ে লঙ্কানদের বিশাল লিড এনে দেওয়ার আশায়।
এই পরিস্থিতি থেকে দলকে ম্যাচে ফেরাতে একজন বোলার টপাটপ উইকেট এনে দেওয়া ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। সাকিব খানও সেটাই করেছেন। সে জন্য রাতভর তাহাজ্জুদের নামাজে উইকেট চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
আজ চতুর্থ দিনের সকালেই সাকিব খান যে ঝলক দেখালেন, সেটিকে ‘দোয়া কবুল হয়েছে’ বলাই যায়। আগের দিন ২ উইকেট নেওয়া সাকিব আজ প্রথম সেশনেই আরো ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন। বিশাল লিডের আশায় থাকা সফরকারীরা শেষ পর্যন্ত প্রথম ইনিংসে টেনেটুনে নিতে পেরেছে ১২ রানের লিড। শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৪২ রানের ব্যবধানে।

ছবি: এএফপি
প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে সাকিব খান নাম লিখিয়েছেন মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ নাজির ও আবরার আহমেদের পাশে। তার আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট ইনিংসেই এমন কীর্তি ছিল এই তিনজনের।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২১.২ ওভারে ১ উইকেটে ৫৭ রান করেছে। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ৪৫ রানে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর অঝোর বৃষ্টিতে আর একটি বলও মাঠে গড়ায়নি।
আগামীকাল পঞ্চম দিনে অলৌকিক কিছু না ঘটলে রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্যে যে ড্র লেখা আছে, তা একরকম নিশ্চিত। তবে ঘটনাবহুল এই টেস্টে পাকিস্তান পেয়ে গেছে আরেকজন সম্ভাবনাময় বোলার—সাকিব খান।
দেরিতে ক্যারিয়ার শুরু, দীর্ঘ অপেক্ষা
১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্ম সাকিব খানের। তবে তার পারিবারিক শিকড় নয়নাভিরাম সোয়াত উপত্যকার মিনগোরায়।
ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে খেলাটির সঙ্গে জড়িয়ে পড়েন সাকিব। তার ক্রিকেটযাত্রার শুরুটা টেপ টেনিস বল দিয়ে। করাচির শের শাহ এলাকায় বসবাসের সময় টেপ টেনিস ক্রিকেটে নিজের বোলিং দক্ষতা দেখাতে শুরু করেন।
সাকিবের গতিময় বোলিং দেখে কয়েকজন সতীর্থ তাকে ক্রিকেট বল দিয়ে খেলার পরামর্শ দেন। সেই উৎসাহেই টেপ টেনিস ছাড়েন। এরপর স্যার লিয়াকতের অধীনে ফিউচার স্টারস ক্রিকেট একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার নিয়মতান্ত্রিক ক্রিকেটের পথচলা।
তবে সাকিব খানের পথটা মোটেও সহজ ছিল না। করাচির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে জায়গা করে নিতে হয়েছে কঠিন লড়াই করে। সোহেল খান, তাবিশ খান ও মীর হামজার মতো অভিজ্ঞ পেসারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জায়গা তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ।
সাকিব নিজেও স্বীকার করেছেন, পারিবারিক কিছু পরিস্থিতির কারণে ক্রিকেট বলে তার যাত্রা শুরু হয়েছে দেরিতে। তবে সুযোগের অপেক্ষায় বসে থাকেননি। টানা ৮ বছর পরিশ্রম করে গেছেন। তার ভাষায়, ‘সুযোগ আসতে দেরি হয়েছে ঠিকই, তবে শেষ পর্যন্ত এসেছে।’
২৯ বছরে প্রথম শ্রেণিতে অভিষেক
অনেক ক্রিকেটার যেখানে কিশোর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেন, সেখানে সাকিবের অপেক্ষাটা ছিল দীর্ঘ। ২০২৪-২৫ মৌসুমে ২৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।
তবে দেরিতে শুরু করলেও পারফরম্যান্স দিয়ে দ্রুতই নজর কাড়েন এই ডানহাতি পেসার। প্রথম ১৬ ম্যাচেই শিকার করেন ৭১ উইকেট। অর্থাৎ, সুযোগ পেলে যে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন, সেটি ঘরোয়া ক্রিকেটে দেখিয়ে দিয়েছিলেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে করাচি অঞ্চলের বিভিন্ন দল, খান রিসার্চ ল্যাবরেটরিজ ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে খেলেছেন সাকিব। পাশাপাশি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে তার।

সাকিব খানের আদর্শের তালিকায় আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। তাদের বোলিং দেখেই পেসার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন সাকিব।
৩১ বছর বয়সে জাতীয় দলে ডাক
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অবশেষে পাকিস্তানের জাতীয় দলে ডাক পান সাকিব। চলতি নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয় তার। টেস্ট অভিষেকের দিনে তার বয়স ছিল ৩১ বছর ৬১ দিন।
তাহাজ্জুদে চেয়েছিলেন উইকেট
সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এখন আলোচনায় তার ধর্মীয় বিশ্বাস। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি। আজ সকালে যেন উইকেট পাই, সে জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন ঘটনা ঘটেছে। যখনই আমার উইকেট প্রয়োজন হয়েছে, আমি আল্লাহর কাছে তা চেয়েছি।’











































