২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিজেদের ‘দ্বিতীয় ঘর’ হিসেবে দেখছে আফগানিস্তান। দলের অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব জানিয়েছেন, ভারতের কন্ডিশনে খেলতে আফগানিস্তান মোটেও অস্বস্তিতে পড়বে না, বরং আগের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। যদিও শেষ চারে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
এক বছর আগের সেই সাফল্যই এবারের বিশ্বকাপে দলটির আত্মবিশ্বাসের বড় ভিত্তি। গুলবাদিনের মতে, এবার লক্ষ্য শুধু ভালো পারফরম্যান্স নয়, শিরোপার দিকেই চোখ রাখছে দল।
বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে খেলছেন গুলবাদিন নাইব। তিনি বলেন, আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার কারণে আফগান ক্রিকেটাররা সেরা মানের বোলারদের বিপক্ষে অভিজ্ঞ।
ফলে ভারতের কন্ডিশন তাদের জন্য নতুন কিছু নয়।
এক সাক্ষাৎকারে গুলবাদিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রত্যাশার খেলা নয়, এটা প্রস্তুতির খেলা। আমরা কিভাবে প্রস্তুতি নিই এবং মাঠে সেটা কিভাবে কাজে লাগাই, সেটাই আসল। টি-টোয়েন্টি ফরম্যাট আফগানিস্তানের জন্য খুব মানানসই।
’
তিনি আরো যোগ করেন, ‘ভারতে আমরা অনেক ক্রিকেট খেলেছি। দেরাদুন, লখনউসহ বিভিন্ন ভেন্যুতে। অনেক আফগান খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতাও আছে। তাই বিশ্বকাপটা ভারতে হওয়ায় আমাদের কাছে এটা দ্বিতীয় ঘরের মতোই মনে হয়।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান পড়েছে গ্রুপ ‘ডি’-তে।
এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানরা।
গুলবাদিনের কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট, ‘আগের বিশ্বকাপের চেয়ে যদি আমরা নিজেদের মাত্র ১০ শতাংশও উন্নত করতে পারি, তাহলে সেটাই বড় পার্থক্য গড়ে দিতে পারে।’











































