‘সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতিতে ইরানকে রক্ষায় প্রস্তুত’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ‘তেহরান যুদ্ধের চেয়ে কূটনীতিকে অগ্রাধিকার দেয়, তবে সম্ভাব্য কোনো হুমকি উপেক্ষা করবে না।’

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ এবং চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন আরাগচি। তিনি বলেন, ‘ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, সেগুলো মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।

আরাগচি বলেন, ‘আমরাও অনেক কিছু শুনছি যে ইসরায়েলি শাসন আবার হামলা করতে পারে। মনস্তাত্ত্বিক যুদ্ধই বাস্তব যুদ্ধের একটি অংশ, এবং মনে হচ্ছে তারা এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে ও দেশে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। এটি একটি বৃহত্তর যুদ্ধের অংশ।’

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরান সংঘাতের সম্ভাবনাকে অবহেলা করছে না।

এর মানে এই নয় যে আমরা যুদ্ধের সম্ভাবনাকে উপেক্ষা করছি। আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণ যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত।’

আরাগচি আবারও যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘তেহরান কূটনৈতিক সমাধান চায়।

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। বোমাবর্ষণের মাধ্যমে আপনি ভবন ও যন্ত্রপাতি ধ্বংস করতে পারেন, কিন্তু প্রযুক্তিকে সামরিক হামলায় ধ্বংস করা যায় না, আর মানুষের মন থেকে জ্ঞান মুছে ফেলা যায় না।’

সূত্র : মেহের নিউজ।

LEAVE A REPLY