কিছু পোশাক সহজেই ময়লা হয় কেন, ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞ

সংগৃহীত ছবি

খেয়াল করে দেখবেন, কিছু পোশাকে খুব সহজেই ধুলা, চুল ও সুতার ছোট ছোট আঁশ জমে যায়। আবার কিছু পোশাক দীর্ঘ সময় পরলেও তুলনামূলক পরিষ্কার থাকে।একই পরিবেশে ব্যবহারের পরও কাপড়ের ক্ষেত্রে এমন পার্থক্য দেখা যায় কেন? এর পেছনে রয়েছে কাপড়ের তন্তুর ধরন, বুনন, উপরিভাগের গঠন এবং স্থির বিদ্যুতের প্রভাব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। পোশাকের কাপড় কেন সহজে ধুলা ও আঁশ আকর্ষণ করে, তা ব্যাখ্যা করেছেন ক্যাসলে প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দিনেশ আগরওয়াল।

কাপড়ের তন্তুর ধরন

কাপড়ে ধুলা ও সুতার আঁশ জমার অন্যতম কারণ হলো এর তন্তুর ধরন।তুলা ও উলের মতো প্রাকৃতিক তন্তু নিয়মিত ব্যবহার, ধোয়া এবং ঘর্ষণের কারণে ছোট ছোট আঁশ ছাড়তে পারে। এসব আলগা আঁশ অন্য পোশাকের গায়ে লেগে যায়। ফলে পোশাকের ওপর ছোট ছোট সুতার গুচ্ছ বা আঁশ দেখা যায়।

দিনেশ আগরওয়ালের মতে, যেসব কাপড় ছোট দৈর্ঘ্যের তন্তু দিয়ে তৈরি, সেগুলো থেকে সহজেই আঁশ বেরিয়ে আসতে পারে।কারণ এসব তন্তু ধীরে ধীরে সুতার গঠন থেকে আলাদা হয়ে যায়।

অন্যদিকে, ফ্লিস এবং কিছু ধরনের বোনা কাপড়ের উপরিভাগে ছোট ছোট তন্তু উঁচু হয়ে থাকে। এ ধরনের অসমান ও নরম পৃষ্ঠে আশপাশের ধুলা, চুল ও আলগা আঁশ সহজেই আটকে যায়।

সিনথেটিক কাপড়ে স্থির বিদ্যুতের প্রভাব

পলিয়েস্টারের মতো সিনথেটিক কাপড় সাধারণত কিছু প্রাকৃতিক তন্তুর তুলনায় কম আঁশ ছাড়ে। তবে এসব কাপড়ে স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হতে পারে।বিশেষ করে শুষ্ক আবহাওয়া এবং কাপড়ের সঙ্গে অন্য বস্তুর ঘর্ষণ হলে এ প্রবণতা বাড়ে।

স্থির বিদ্যুতের কারণে কাপড়ের ওপর বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। ফলে আশপাশের ধুলা, চুল ও ছোট ছোট আঁশ কাপড়ের গায়ে আকৃষ্ট হয়ে আটকে যায়। এ কারণে পলিয়েস্টারের পোশাকেও দ্রুত ধুলা ও ময়লা জমতে দেখা যায়।

কাপড়ের বুননও গুরুত্বপূর্ণ

কাপড় কতটা শক্তভাবে বোনা হয়েছে, সেটিও ধুলা ও আঁশ জমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢিলেঢালাভাবে বোনা বা নিট করা কাপড়ের উপরিভাগে বেশি তন্তু উন্মুক্ত থাকে। ফলে বাইরের ছোট ছোট কণা সহজেই আটকে যেতে পারে।

অন্যদিকে, ঘন বুনন ও মসৃণ উপরিভাগের কাপড়ে ধুলা ও আঁশ আটকে থাকার সুযোগ তুলনামূলক কম। তাই পোশাক কেনার সময় শুধু রং বা নকশা নয়, কাপড়ের গঠন ও উপাদানের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

পোশাকে ধুলা ও আঁশ জমা কমাবেন যেভাবে

কিছু সাধারণ নিয়ম মেনে চললে পোশাকে ধুলা ও সুতার আঁশ জমার পরিমাণ কমানো সম্ভব। যেমন—

১. কাপড়ের ধরন অনুযায়ী পোশাক ধুতে হবে। প্রতিটি কাপড়ের জন্য নির্ধারিত ধোয়ার নিয়ম অনুসরণ করা জরুরি।

২. তোয়ালে, ফ্লিস ও বেশি আঁশ ছাড়ে এমন কাপড়ের সঙ্গে মসৃণ পোশাক একসঙ্গে ধোয়া এড়িয়ে চলুন।

৩. ওয়াশিং মেশিনে অতিরিক্ত কাপড় দেবেন না। এতে কাপড়ের মধ্যে ঘর্ষণ বেড়ে যায় এবং আঁশ জমার প্রবণতা বাড়তে পারে।

৪. ধোয়ার আগে পোশাক উল্টে নিন। এতে কাপড়ের বাইরের অংশে সরাসরি ঘর্ষণ কম হয়।

৫. কাপড়ের উপযোগী ধোয়ার চক্র বা ওয়াশ সাইকেল নির্বাচন করুন।

বিশেষজ্ঞদের মতে, পোশাকের স্থায়িত্ব, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ অনেকটাই নির্ভর করে এর উপাদান ও বুননের ওপর। তাই নিয়মিত ব্যবহারের পোশাক কেনার আগে কাপড়ের ধরন সম্পর্কে ধারণা রাখা ভালো। এতে পোশাকের যত্ন নেওয়া সহজ হবে এবং দীর্ঘদিন ভালো রাখাও সম্ভব হবে।

LEAVE A REPLY