ছবি : রয়টার্স
আফ্রিকা কাপ অফ নেশনস থেকে হতাশাজনক বিদায়ের পর গ্যাবনের জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য ভেঙে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে তারকা স্ট্রাইকার পিয়ের-এমেরিক আউবামেয়াং ও ব্রুনো একুয়েলে মানগাকে নিষিদ্ধ করা হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মৌইউমাকে।
গত ৩১ ডিসেম্বর আইভরি কোস্টের বিপক্ষে ৩–২ গোলে হারের পর এসব সিদ্ধান্তের কথা জানান গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিম্পলিস-দেজিরে মামবুলা। মরক্কোয় অনুষ্ঠিত এবারের আফ্রিকা কাপে গ্রুপ পর্বে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে আগের দুটি ম্যাচেও হেরে গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে গ্যাবন।
মন্ত্রী মামবুলা দলের পারফরম্যান্সকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘আফ্রিকা কাপে প্যান্থার্সদের (গ্যাবন জাতীয় দল) লজ্জাজনক পারফরম্যান্সের পর সরকার কোচিং স্টাফ বিলুপ্ত করার, জাতীয় দল স্থগিত করার এবং ব্রুনো একুয়েলে মানগা ও পিয়ের-এমেরিক আউবামেয়াংকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটির আগেই গ্যাবনের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল। সেই ম্যাচে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি দলটি।
সাবেক আর্সেনাল ও বার্সেলোনা স্ট্রাইকার আউবামেয়াং উরুর চোটের চিকিৎসার জন্য তার বর্তমান ক্লাব মার্সেইয়ে ফিরে যাওয়ায় শেষ গ্রুপ ম্যাচে খেলেননি।
পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মনে করি দলের সমস্যাগুলো কোনো একক খেলোয়াড়কে ঘিরে নয়, সমস্যাগুলো আরও গভীর।’
প্রায় দুই বছরের কিছু বেশি সময় ধরে গ্যাবনের দায়িত্বে ছিলেন কোচ থিয়েরি মৌইউমা।
একসময় আফ্রিকায় বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর সরকারিভাবে জাতীয় দল ভেঙে দেওয়ার ঘটনা বেশ প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফিফা সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এমন ঘটনা তুলনামূলকভাবে কমে এসেছে।











































