জেসন গিলেস্পি
ভারতের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক ভরাডুবির প্রেক্ষাপটে সাবেক অস্ট্রেলিয়ান তারকা ও পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসস গিলেস্পির সামনে ভারতের কোচ হওয়ার প্রস্তাব উঠলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভক্তের অনুরোধের জবাবে মাত্র দুই শব্দেই নিজের অবস্থান স্পষ্ট করে দেন গিলেস্পি—‘No thanks.’
বর্তমানে ভারতীয় ক্রিকেট টিম টেস্ট ক্রিকেটে তাদের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে গত ১২ মাসে ঘরের মাঠেই দুটি সিরিজ হেরেছে ভারত, যার মধ্যে রয়েছে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ।
অক্টোবর ২০২৪ থেকে ভারতের টেস্ট গ্রাফ ক্রমাগত নিচের দিকে।
এই সময়ে চারটি সিরিজের মধ্যে তিনটিতেই পরাজয়ের মুখ দেখেছে দল। অস্ট্রেলিয়া সফরেবোর্ডার গাভাস্কার ট্রফিতে ১-৩ ব্যবধানে হারের মাধ্যমে ১০ বছরের আধিপত্যও হারায় টিম ইন্ডিয়া।
এই বিপর্যয়ের মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিন মহাতারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীচন্দ্রন অশ্বিন। এর ফলে দল বড় রদবদলের মধ্য দিয়ে যায় এবং লাল বলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় শুবমান গিলকে।
গিলের নেতৃত্বে শুরুটা আশাব্যঞ্জক হলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় ভারত। ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গিলের চোটের সময় দল ভেঙে পড়ে এবং ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।
এই ফলাফলের পর কোচ গৌতম গম্ভীরের কৌশল, বিশেষ করে নির্বাচন নীতি ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। গম্ভীরের অধীনে এখন পর্যন্ত ১৯টি টেস্টে ভারত জিতেছে মাত্র ৭টি, হেরেছে ১০টি এবং ড্র করেছে ২টি।
আগামী সূচিতে ভারতের সামনে রয়েছে শ্রীলঙ্কা সফর, এরপর নিউজিল্যান্ড সফর এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিন সিরিজের মধ্যে অন্তত দু’টিতে জয় পাওয়াই এখন গিল–নেতৃত্বাধীন ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।










































