কারখানার অর্ধশতাধিক শ্রমিকের হঠাৎ খিঁচুনি

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় টঙ্গী বিসিকের মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত অ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান, ফারজানা আক্তারের নাম জানা গেছে।

কারখানার অপারেটর মোর্শেদা বেগম, রবিউল ইসলামসহ একাধিক শ্রমিক যুগান্তরকে বলেন, এই প্রতিষ্ঠানে ৫ হাজার শ্রমিক কাজ করেন। বর্তমান মাসের বেতনের জন্য আমরা তিন দিন ধরে আন্দোলন করে আসছি। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ৫ম তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য শ্রমিকের খিঁচুনি উঠে, বমি করে অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন যুগান্তরকে বলেন, প্যানিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। 

এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ যুগান্তরকে বলেন, শ্রমিকেরা কাজ করা অবস্থায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। চোখ জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা যাচ্ছে। আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। তবে শ্রমিক আন্দোলনের বিষয়টি এড়িয়ে যান তিনি। 

এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসানের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY