মদিনায় হামলার দাবি ‘মিথ্যা’: হুতি মুখপাত্র

সৌদি আরবের মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ওই দিন সৌদি আরবের ভূখণ্ডে কোনো সামরিক অভিযান চালায়নি ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

তবে এর আগে সৌদি আরব জানিয়েছিল, মদিনাকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি মদিনায় হামলার খবরকে ‘মিথ্যা অপপ্রচার’ বলে উল্লেখ করেন। ফলে এ ঘটনায় সৌদি আরব ও হুতিদের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

এর আগেও মক্কা ও মদিনায় হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছিল হুতিদের বিরুদ্ধে।তবে ইরান-সমর্থিত গোষ্ঠীটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘাতের মধ্যে হুতিরা নতুন এলাকা দখলে নিয়েছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৩৭ দিনের সংঘাতে গোষ্ঠীটি আরো ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

হুতিরা দাবি করেছে, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জবাবে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।এসব স্থাপনা তাদের বৈধ লক্ষ্যবস্তু।

LEAVE A REPLY