সংগৃহীত ছবি
কিছু সিনেমা শুধু বক্স অফিসে সাফল্য পায় না, দর্শকের মনেও স্থায়ী জায়গা করে নেয়। আর সেই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিলে পরবর্তী সময়ে আফসোস হওয়াটা অস্বাভাবিক নয়।বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার ক্ষেত্রেও ঘটেছে তেমনই। শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’য় কাজের সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শুধু এই ছবিই নয়, আরো একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আক্ষেপ রয়েছে তার।
সম্প্রতি নিজের চ্যাট শো ‘ডাবল ডেট’-এ এ বিষয়ে মুখ খুলেছেন নেহা।অভিনেত্রী জানান, স্পোর্টস ড্রামা ও সেনাবাহিনীর প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল তার দীর্ঘদিনের। অথচ পছন্দের এই দুই ধরনের কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত পর্দায় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
২০০৭ সালে মুক্তি পায় পরিচালক শিমিত আমিনের ‘চাক দে! ইন্ডিয়া’। সিনেমাটিতে ভারতীয় নারী হকি দলের কোচ কবীর খানের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ খান।খেলাধুলার আবহে নির্মিত এই সিনেমা দর্শকের কাছে আজও জনপ্রিয়। সেই ছবিতে কাজের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নেহা। এখন সেই সিদ্ধান্তের কথা মনে করে আফসোস করেন অভিনেত্রী।
তবে নেহার হাতছাড়া হওয়া সুযোগের তালিকায় শুধু শাহরুখের ছবিই নেই। নেটফ্লিক্সের ‘অপারেশন সফেদ সাগর’-এ অভিনয়ের সুযোগও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।নিজের অপূর্ণ ইচ্ছার কথা বলতে গিয়ে নেহা বলেন, ‘আমি বরাবরই একটা ভালো স্পোর্টস ফিল্ম এবং একটা ভালো ফৌজি ফিল্ম করতে চেয়েছিলাম। কিন্তু এই দুটো বড় সুযোগই হাতছাড়া করেছি।’
অভিনয়জীবনে কোন কাজ বেছে নেবেন, আর কোনটি ফিরিয়ে দেবেন—এ সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। চিত্রনাট্য, চরিত্র, কাজের সময়সূচি কিংবা ব্যক্তিগত পছন্দের মতো নানা বিষয় বিবেচনায় নিতে হয় শিল্পীদের। তবে সময়ের সঙ্গে কিছু সিদ্ধান্ত নতুন করে ভাবায়। নেহা ধুপিয়ার ক্ষেত্রেও পছন্দের দুই ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ হারানোর স্মৃতি এখন আক্ষেপের কারণ হয়ে রয়েছে।










































