ছবিসূত্র : রয়টার্স
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, চলমান সরাসরি (লাইভ) সামরিক মহড়ার কারণে আপাতত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। মহড়া শেষ হলে প্রণালিটি আবার খুলে দেওয়া হবে।
তবে মহড়া কখন শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এর আগে আইআরজিসি জানিয়েছিল, প্রণালিতে লাইভ মহড়া আয়োজন করা হবে। বাহিনীর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি বলেন, মহড়া চলাকালে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। তিনি আরো জানান, প্রণালি পুনরায় চালুর সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করবে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি প্রধান রুট। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।











































