বর্ণবাদী আচরণের অভিযোগে ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। ছবি : রয়টার্স
লিসবনে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে নাটক, উত্তেজনা ও বিতর্ক ছাপিয়ে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার করা গোলের পরই বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে, যার জেরে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ।
মঙ্গলবার রাতে এস্তাদিও দা লুজে ম্যাচের ৫০তম মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে বাঁকানো শটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিন-কে পরাস্ত করেন ভিনিসিয়ুস।
অসাধারণ এই গোলেই এগিয়ে যায় সফরকারীরা।
গোলের পর অতিরিক্ত উদযাপনের কারণে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। এরপর বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান তিনি। পরে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে-কে বর্ণবাদী আচরণের ইঙ্গিত দেন ভিনিসিয়ুস।এর পরপরই রিয়ালের খেলোয়াড়রা মাঠ ছাড়লে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট।
ম্যাচের শেষ দিকে আরও নাটক যোগ হয়। ৮৫তম মিনিটে বেনফিকার কোচ জোসে মরিনহো পরপর দুইটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। ফলে আগামী সপ্তাহে ফিরতি লেগে তিনি ডাগআউটে থাকতে পারবেন না।
যোগ করা ১২ মিনিট সময়ের মধ্যে কর্নার নিতে যাওয়ার সময় গ্যালারি থেকে ছোড়া একটি বস্তু ভিনিসিয়ুসের হাতে লাগে।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ভিনিসিয়ুসের ব্যাকহিল থেকে পাওয়া বল আকাশে মারেন তিনি। পরে আরদা গুলেরের দুর্দান্ত এক শটও ঠেকান বেনফিকার গোলরক্ষক।
তবে ভিনিসিয়ুসের গোলের পর বেনফিকা খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। নিয়ন্ত্রিত ফুটবল খেলেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, মাত্র ১৯ দিন আগেই লিগ পর্বের শেষ ম্যাচে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৮৯তম মিনিটে হেডে গোল করে বেনফিকাকে প্লে-অফে তুলেছিলেন গোলরক্ষক ত্রুবিন।
এখন এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকা বেনফিকা আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেবে।










































