কানাডিয়ান কেনেথ ল পেশায় একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। পরবর্তীতে কানাডার টরন্টোর একটি বিলাসবহুল হোটেলে শেফ হিসেবে কাজ করেছেন।২০২০ সালের শেষের দিকে তিনি বাড়িতে বসে একাধিক ভুয়া অনলাইন স্টোর ও ওয়েবসাইট চালু করেন। ব্যবসার আড়ালে তিনি অনলাইন আত্মহত্যা ফোরামের সদস্যদের কাছে সোডিয়াম নাইট্রাইটসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ও আত্মহত্যার সরঞ্জাম বিক্রি করতেন। শুধুমাত্র আর্থিক লাভের আশায় একটি লাভজনক সাইড-বিজনেস হিসেবে তিনি বিষাক্ত পদার্থ বিক্রিকে বেছে নিয়েছিলেন।
কানাডার অন্টারিওর আদালতে গত মে মাসে কেনেথ ল ১৪ জনকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা করার ১৪টি অভিযোগে দোষ স্বীকার করেন।শুক্রবার আদালতে তার সাজার মেয়াদ নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপক্ষ তার ২৫ বছরের কারাদণ্ড চেয়েছে এবং আসামিপক্ষ ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছে। বিচারক এখনো চূড়ান্ত সাজার মেয়াদ ঘোষণা করেননি, যা পরবর্তী কোনো এক তারিখে জানানো হবে। কেনেথ ল আদালতে ভুক্তভোগীদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।তিনি বলেছেন, নিজের কাজের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত এবং ভবিষ্যতে কখনোই এমন কাজ করবেন না।
একজন শোকাহত পিতার তথ্য এবং একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরেই মূলত কেনেথ ল’র এই ভয়ংকর মৃত্যু ব্যবসার তথ্য সামনে আসে। ২০২১ সালে যুক্তরাজ্যের বার্কশায়ারের ২২ বছর বয়সী তরুণ টম পারফেট অনলাইন থেকে কেনা বিষ পান করে আত্মহত্যা করেন। তার বাবা ডেভিড পারফেট ছেলের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে কেনেথ ল-এর ওয়েবসাইটের সন্ধান পান এবং ২০২২ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে এ বিষয়ে তথ্য দেন। ডেভিড পারফেটের তথ্যের ভিত্তিতে ‘দ্য টাইমস’-এর অনুসন্ধানী সাংবাদিক জেমস বিল একজন ক্রেতা সেজে কেনেথ ল-এর সাথে ফোনে ও ইমেইলে যোগাযোগ করেন।সেই কথোপকথনে ল সাংবাদিককে জানান যে কীভাবে পণ্যটি ব্যবহার করলে ‘মৃত্যু সবচেয়ে ভালোভাবে নিশ্চিত হবে’ এবং তিনি ইতিমধ্যে যুক্তরাজ্যের শত শত মানুষের কাছে এটি পাঠিয়েছেন। ২০২৩ সালের ২৫ এপ্রিল ‘দ্য টাইমস’-এ এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয় এবং ২৬ এপ্রিল সাংবাদিক জেমস বিল কানাডার পিল রিজিওনাল পুলিশকে বিস্তারিত তথ্য ও প্রমাণ ইমেইল করেন। পুলিশ আগে থেকেই সোডিয়াম নাইট্রাইট সংক্রান্ত একটি রহস্যজনক মৃত্যুর তদন্ত করছিল। সাংবাদিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ল-এর পার্সেলগুলো জব্দ করা শুরু করে এবং এর ঠিক এক সপ্তাহ পর ২০২৩ সালে ২ মে কানাডার অন্টারিওর মিসিসাগা শহরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ‘পিল রিজিওনাল পুলিশ’ তার বিরুদ্ধে অনলাইনে সোডিয়াম নাইট্রাইট বিক্রি ও বিতরণের মাধ্যমে দুজনকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা করার অভিযোগ আনে। তদন্তের পরিধি বাড়লে ২০২৩ সালের আগস্টে আরও ১২টি আত্মহত্যায় সহায়তার অভিযোগ যোগ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরে একই ১৪টি মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। তবে ২০২৬ সালের মে মাসে এক চুক্তির অধীনে হত্যার অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া হয় এবং তিনি আত্মহত্যায় সহায়তার ১৪টি অভিযোগে দোষ স্বীকার করেন। কানাডার বাইরেও ইংল্যান্ড ও ওয়েলসে আরও কয়েক ডজন ভুক্তভোগীর মৃত্যুর কারণ হওয়ার কথাও স্বীকার করেছেন কেনেথ। অনলাইন আত্মহত্যা ফোরামের মাধ্যমে ৪০টি দেশে বিষাক্ত রাসায়নিক বিক্রি করতেন ৬১ বছর বয়সী কেনেথ ল।
শুক্রবার অন্টারিওর একটি আদালতে সাজা ঘোষণার শুনানিতে কৌঁসুলিরা জোর দিয়ে বলেন যে, তার ভুক্তভোগীদের অনেকেই ছিলেন তরুণ এবং তারা মানসিক অবসাদে ভুগছিলেন। কেনেথ ল যদি কৌঁসুলিদের সুপারিশ করা ২৫ বছরের সাজা পান, তবে ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তারের পর থেকে কারাগারে কাটানো সময় বাদ দিয়ে তাকে প্রায় ২০ বছরের একটু কম সময় কারাভোগ করতে হবে।
শুক্রবার আদালতে নিজের যুক্তি তুলে ধরার সময় ক্রাউন অ্যাটর্নি ক্যাথলিন ডোহার্টি কেনেথ ল-কে ’অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষদের’ সুযোগ নেওয়া একজন শিকারি হিসেবে বর্ণনা করেন। ডোহার্টি বলেন, ‘তাদের প্রয়োজন ছিল সাহায্যের। কিন্তু তারা পেয়েছিল মিস্টার ল এবং তার মৃত্যুর পণ্য।’ তিনি আরও বলেন, ‘মানুষ টাকা দিতে পারলেই তিনি তাদের কাছে এটি বিক্রি করতেন। তিনি যে ব্যক্তির সাথে লেনদেন করছেন তার পরিস্থিতি বোঝার জন্য কোনো আলোচনা বা খোঁজখবর নেওয়ার কোনো ব্যবস্থাই সেখানে ছিল না।’
ল-এর আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবী ম্যাথিউ গুরলে এসব দাবি খণ্ডন করে যুক্তি দেন যে, ভুক্তভোগীদের মানসিক অসুস্থতার সাথে লড়াইয়ের জন্য তার মক্কেল দায়ী নন। গুরলে বলেন, ‘এই ঘটনাগুলোর প্রতিটিই নিজস্বভাবে এক একটি বিয়োগান্ত ঘটনা। মিস্টার ল হয়তো তাদের সবার মধ্যে একটি সাধারণ যোগসূত্র হতে পারেন। কিন্তু যে সংগ্রাম ও কষ্টের কারণে এই ভুক্তভোগীরা শুরুতে তার পণ্য খুঁজে বের করেছিলেন, তার কারণ মিস্টার ল ছিলেন না।’ তিনি বলেন, ল একটি ‘ভ্রান্ত বিশ্বাস’ পোষণ করতেন যে তিনি তার ভুক্তভোগীদের সাহায্য করছেন।
শুনানির শেষে ল আদালতকে বলেন, ভুক্তভোগীদের আত্মহত্যায় সহায়তা করার জন্য তার গভীর অনুশোচনা রয়েছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের পরিবারের উদ্দেশ্যে বলছি, কোনো শব্দই আপনাদের প্রিয়জন হারানোর ক্ষতি পূরণ করতে পারবে না। আমি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’ গত সেপ্টেম্বরে কয়েক দিনের আবেগঘন সাক্ষ্যগ্রহণের পর এই সাজা ঘোষণার শুনানি অনুষ্ঠিত হলো, যেখানে শোকাহত পরিবারের সদস্য এবং বন্ধুরা আদালতকে জানিয়েছিলেন যে ল তাদের কতটা যন্ত্রণা দিয়েছেন। পরবর্তী কোনো এক তারিখে চূড়ান্ত সাজা ঘোষণার সময় ভুক্তভোগীদের পরিবারের সেই বক্তব্যগুলো বিবেচনায় নেওয়া হবে। সূত্র: বিবিসি









































