ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়ে দারুণ বার্তা দিল হায়দরাবাদ

গ্লেন ম্যাক্সওয়েল

আসন্ন  পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরকে সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের সবচেয়ে বড় সাইনিংয়ের ঘোষণা দিয়েছে হায়দরাবাদ হিউস্টন কিংসমেন। দলটি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে।

২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের পিএসএলে প্রথমবারের মতো খেলবেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ফরম্যাটে তার আগ্রাসী ব্যাটিং ও কার্যকর অফ-স্পিন কিংসমেন শিবিরে যোগ করবে বাড়তি শক্তি ও অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ার হয়ে ১২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ২,৮৯৭ রান, স্ট্রাইক রেট ১৫৮.৪২। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি অর্ধশতক; সর্বোচ্চ ১৪৫ রান। বল হাতে নিয়েছেন ৪৯টি উইকেট।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিত মুখ।

খেলেছেন বিগ ব্যাশ লিগ, আইপিএল, দি হানড্রেট ও ভাইটালিটি ব্লাস্টে।

সব মিলিয়ে ৫০২টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১০,৯৮৬ রান (স্ট্রাইক রেট ১৫৪.১৬), ৫৮টি ফিফটি ও আটটি সেঞ্চুরি। পাশাপাশি নিয়েছেন ১৯৬ উইকেট।

এর আগে ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেনকেও সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় কিংসমেন।

পিএসএলের ইতিহাসে এবারই প্রথম প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে লিগ শুরুর পর প্রথম ১০ আসরে ড্রাফট পদ্ধতি থাকলেও, সম্প্রসারণের অংশ হিসেবে এবার নিলাম পদ্ধতি চালু করা হয়েছে। নতুন দুটি দল যুক্ত হওয়ায় স্কোয়াড গঠন ছিল চ্যালেঞ্জিং।

LEAVE A REPLY