ফুটবলকে এখনই বিদায় বলছেন না ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। ৪২ বছর পেরিয়ে গেলেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন থিয়াগো সিলভা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।
সমর্থকদের অনুরোধের পর আরো এক মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন থিয়াগো সিলভা। দলের অধিনায়ক নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ।
ফ্লুমিনেন্সের হয়ে তিন দফায় খেলেছেন থিয়াগো সিলভা। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ২২৯ ম্যাচে ১৯ গোল করেছেন। ২০০৭ সালে ফ্লুমিনেন্সের হয়ে কোপা দো ব্রাজিল জিতেছেন। ২০০৮ সালে দলটিকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
থিয়াগো সিলভার ফুটবলে বেড়ে ওঠাও ফ্লুমিনেন্সের একাডেমিতে। ব্রাজিলের জেরেম এলাকার এই একাডেমিতে ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথমবার ক্লাবটির মূল দলে খেলেন। এরপর ইউরোপের ফুটবলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন।
ইতালির এসি মিলান, ফ্রান্সের পিএসজি এবং ইংল্যান্ডের চেলসির মতো বড় ক্লাবে খেলেছেন এই ব্রাজিলিয়ান। চেলসির হয়ে ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে তার।
২০২৪ সালে আবারও ফ্লুমিনেন্সে ফেরেন থিয়াগো সিলভা। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে তার নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায় দলটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ইউরোপের শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষেও দারুণ পারফর্ম করে তারা।
ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ থিয়াগো সিলভার ক্যারিয়ার। ২০০৭ সালে ব্রাজিলিয়ান লিগের বোলা দে প্রাতা এবং ২০০৮ সালে ব্রাজিলিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন এই ডিফেন্ডার।
ব্রাজিল জাতীয় দলের হয়েও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন থিয়াগো সিলভা। চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) অংশ নিয়েছেন তিনি। ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকা জেতে তার নেতৃত্বাধীন ব্রাজিল দল।









































