ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বাড়ছে, তখন ইরাক থেকে প্রায় সব কর্মীকে সরিয়ে নিয়েছে ন্যাটো। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এই খবর জানিয়েছে।
কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, এই প্রত্যাহার ‘সাময়িক’। যুদ্ধ শেষ হলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ন্যাটোর কর্মীরা আবার ইরাকে ফিরবেন।
ন্যাটো মিশনে কয়েক শ কর্মী ছিলেন। তারা বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থান করতেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর এই মিশনে বারবার আক্রমণ হচ্ছিল। এই কারণে একটি ছোট দল রেখে বাকি সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় ইরাক ও মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ন্যাটো। শুক্রবার ন্যাটোর ইউরোপের সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেন, ‘আমি ন্যাটো মিশন ইরাকের সেই নিবেদিতপ্রাণ পুরুষ ও নারীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই পুরো সময়জুড়ে তাদের দায়িত্ব পালন করে গেছেন। তাঁরা প্রকৃত পেশাদার।’
ন্যাটো নিশ্চিত করেছে, মিশনের শেষ কর্মীরা সেদিনই ইরাক ছেড়েছেন। এখন থেকে তারা ইতালির নেপলসে ন্যাটোর কমান্ড সেন্টার থেকে কাজ চালিয়ে যাবেন।
ন্যাটো জানিয়েছে, ‘ন্যাটো মিশন ইরাক’ একটি অ-যুদ্ধকালীন মিশন। ইরাককে শক্তিশালী ও কার্যকর নিরাপত্তা প্রতিষ্ঠান গড়তে সাহায্য করা এই মিশনের কাজ। ইরাকের নিরাপত্তা বাহিনীকে দেশ স্থিতিশীল রাখতে, সন্ত্রাসবাদ মোকাবেলা করতে এবং আইএসআইএলের পুনরুত্থান ঠেকাতে সক্ষম করে তোলাই এই মিশনের প্রধান লক্ষ্য।










































