ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছে মিশর। অন্যদিকে, আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনে ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। তারা আরও জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই এই হামলা করেছে তারা।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে।

এরপর নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তবে, এতে সেখানকার আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY