প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই হোবার্টের সেরা রিশাদ হোসেন

বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

রিশাদ হোসেন এই মুহূর্তে আছেন পাকিস্তানে। পিএসএলে খেলছেন নবাগত দল রাওয়ালপিন্ডিজের হয়ে। তবে বাংলাদেশের এই লেগ স্পিনারের কানে সুখবর এলো অস্ট্রেলিয়া থেকে। 

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের সর্বশেষ আসরে অভিষেক হয়েছে রিশাদের।

টুর্নামেন্ট শেষ হয়েছে গত ২৫ জানুয়ারি। আর আজ নতুন মাসের প্রথম দিন (১ এপ্রিল) রিশাদকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে দেশটির রাজ্য ক্রিকেট সংস্থা ক্রিকেট তাসমানিয়া।

রিশাদ খেলেছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। এটি অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দল।

ক্রিকেট তাসমানিয়া আজ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই ঘোষণা দিয়েছে।

প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই নজরকাড়া পারফর্ম করেন রিশাদ। বল হাতে হোবার্টের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। টুর্নামেন্টের সব দল মিলিয়ে সর্বশেষ আসরে অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

সমান ১৫ উইকেট নিয়ে রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ। পুরো টুর্নামেন্টে রিশাদের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ওভারপ্রতি খুব বেশি রান খরচ করেননি। টুর্নামেন্টে তার ইকোনমি ৭.৮২।

হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় হতে রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ব্যাটার নিখিল চৌধুরী, দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান।

ব্যাট হাতে টুর্নামেন্টে ৩০৭ রান করেন নিখিল। ১৪ উইকেট নেন অধিনায়ক এলিস আর জর্ডান ৭টি। তাদের টপকে শেষ পর্যন্ত স্বীকৃতিটা পেলেন বাংলাদেশের রিশাদ।

মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন হোবার্টের ড্যানি ওয়াইট হজ। বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করেন এই ব্যাটার। 

প্রতি বছর ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে।

LEAVE A REPLY