স্থল হামলা হলে কেউ জীবিত ফিরবে না : ইরানি সেনাপ্রধান

ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ছবি : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি সতর্ক করে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু হলে কোনো আগ্রাসীই জীবিত ফিরে যেতে পারবে না । এ ক্ষেত্রে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ শক্তি প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সি’র প্রতিবেদনে এ তথ্য জানান তিনি।

দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা স্থল, বিমান, বিমান প্রতিরক্ষা ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে এক অনলাইন ভাষণে জেনারেল আমির হাতামি বলেন, ‘যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’

এ ছাড়া শত্রুর গতিবিধি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্ভাব্য স্থল হামলার ক্ষেত্রে ‘কেউ বেঁচে থাকবে না’ এবং আগ্রাসনকারীদের ‘কোনো ক্ষমা নেই’ নীতি অনুসরণ করা হবে।

ইরানের কৌশলগত লক্ষ্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, দেশের ওপর যুদ্ধের আশঙ্কা দূর করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

কোনো অবস্থাতেই দেশের ভেতরে অনিরাপত্তা তৈরি হতে দেওয়া হবে না এবং শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করে হাতামি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। তারা ইরানের অস্তিত্ব মুছে ফেলতে চায়।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইরান।

এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা হয়, ফলে বহু হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

LEAVE A REPLY