সংগৃহীত ছবি
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই এক বছরের বেশি। তবে আইপিএলের ১৯তম আসরে লখনৌ সুপার জায়ান্টস ভরসা করেছে এই অভিজ্ঞ পেসারের ওপর। দলে টেনেছেন তাকে।
সেই ভরসার প্রতিদান দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবেন বলে আগেই জানিয়েছিলেন শামি।
লখনৌর একানা স্টেডিয়ামে ১ এপ্রিল স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়। যেখানে লখনৌর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মোহাম্মদ শামি। প্রথম বলেই তিনি দিল্লির তারকা ব্যাটার লোকেশ রাহুলকে আউট করেছেন।
শামির বেশ বাইরের ডেলিভারিতে কভার ড্রাইভ খেলতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দেন রাহুল। তাকে ফিরতে হয় গোল্ডেন ডাক নিয়ে। এ নিয়ে আইপিএলে পঞ্চমবারের মতো প্রথম বলেই উইকেট শিকার করলেন শামি। নতুন দলের হয়ে মাঠে নেমেই গড়েছেন রেকর্ড।
এই নিয়ে আইপিএল ক্যারিয়ারে পঞ্চমবার ইনিংসের প্রথম বলে উইকেট নিলেন শামি। এই কৃতিত্ব আর কোনো বোলারের নেই। বেশ কিছু বোলার তিনবার প্রথম বলে উইকেট নিলেও, পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল তার দখলে রয়েছে।
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সাত বোলারের। তারা হলেন– প্রভিন কুমার, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা ও প্যাট কামিন্স।
যদিও দিল্লির বিপক্ষে তিনি রাহুলের উইকেট বাদে আর ব্রেকথ্রু দিতে পারেননি। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ২৮ রান।
১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় দিল্লি। দলের হয়ে অপরাজিত অর্ধশতরান হাঁকান সমীর রিজভি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস। রাহুল আউট হওয়ার পরে নীতীশ রানা, পাথুম নিসাঙ্কা ও অক্ষর পটেলও অল্প রানেই ফেরেন। ২৬ রানে চার উইকেট তুলে নেওয়ার পরে লখনউ কিন্তু ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। জয়ের স্বপ্নও দেখছিল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে সেইসব পরিকল্পনা ভেস্তে দেন রিজভি ও স্টাবস। তাঁরা ১১৯ রানের পার্টনারশিপে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।










































