ঘরের মাঠেও ভাগ্য বদলাল না কলকাতা নাইট রাইডার্সের

সংগৃহীত ছবি

আইপিএলের ১৯তম আসরের শুরুটা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। ইনজুরি জর্জরিত পেস অ্যাটাক। মাঠের পারফরম্যান্সও আশা জাগানিয়া নয়। শুরুর দুই ম্যাচে হেরে বিপাকে রয়েছে দলটি।

২০১২ সালের পর এবারই প্রথম কলকাতা আসরের শুরুর দুই ম্যাচ হেরেছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৫ রানে হারে কলকাতা। 

অজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলটি আগের ম্যাচ হেরেছিল মুম্বাইয়ের ওয়ানখেড়েতে। ঘরের মাঠেও বদলায়নি ভাগ্য।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। টসে হেরে ব্যাট করতে নেমে ইশান কিষাণের নেতৃত্বাধীন হায়দরাবাদ ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ২২৬ রান তোলে। রান তাড়ায় নেমে কলকাতা মাত্র ১৬ ওভারেই ১৬১ রানে গুটিয়ে যায়। অথচ তাদের শুরুটা ছিল বেশ ঝড়ের বেগে।

ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদকে বিধ্বংসী শুরু এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। মাত্র ৪.১ ওভারেই তারা দলীয় ফিফটি পেয়ে যায়। ৫.৪ বলে ৮২ রান তোলার পরই ফেরেন অস্ট্রেলিয়ান তারকা হেড। ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করেন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক কিষাণ (৯ বলে ১৪)।

পরপরই আউট অভিষেকও। এর আগে তিনি ২১ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন। হায়দরাবাদকে বড় পুঁজির পথে টেনে নিয়েছেন হেইনরিখ ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি। 

রেড্ডির বিদায়ে ভাঙে ৮২ রানের জুটি। ২৪ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। ক্লাসেন ৩৫ বলে ৫২ রান করেন ৪ চার ও এক ছক্কায়। হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২২৬ রান। বিপরীতে কলকাতার পক্ষে ব্লেসিং মুজারাবানি সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। যদিও তিনি খরচ করেন ৪১ রান। এ ছাড়া বৈভব অরোরা ২ উইকেট নেন। ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বরুণ চক্রবর্তী।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু এনে দিয়ে ছিলেন দুই ওপেনার। ফিন অ্যালেনের ব্যাটিং ঝড়ে মাত্র ৩.২ ওভারে তারা ৫০ রান তোলে। যা আইপিএলে দলটির দ্রুততম দলীয় ফিফটি। অ্যালেন এক ওভারে ২৪ রান তুললেও, বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ২৮ রান। অজিঙ্কা রাহানে ৮ রান করে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। মাঝে অংক্রিশ রঘুবংশী ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করার পর ভুল বোঝাবুঝিতে রানআউটে সাজঘরে ফিরে। এ ছাড়া রিংকু সিং ৩৫ রানে ফেরার পর আর কেউই পথ দেখাতে পারেনি কলকাতাকে।

৪ ওভার বাকি থাকতেই ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট। নীতিশ রেড্ডি ও এহসান মালিঙ্গা দুটি করে উইকেট তুলে নিয়েছেন। 

LEAVE A REPLY