সংগৃহীত ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতা নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রাম চরিত্রে রণবীর কাপুর-এর নতুন লুক ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে।
প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবি এখনও পর্যন্ত বলিউডের সর্বোচ্চ খরচসাপেক্ষ ছবি বলে দাবি। ইতিমধ্যেই দুই পর্বে মুক্তি পেতে যাওয়া ছবির জন্য একত্রে ৭০০ কোটি রুপিতে স্বত্ব বিক্রির প্রস্তাব পেয়েছেন প্রযোজক।
কিন্তু, তা ফিরিয়ে দিয়েছেন।
যে খরচে ছবিটি তৈরি হয়েছে তা বিবেচনা করে, তিনি স্বত্ব বিক্রির চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবর।
জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে ১ হাজার কোটি রুপির একটি চুক্তি আশা করছেন প্রযোজক। এছাড়া বাকি ৩ হাজার কোটি রুপি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আয়সহ অন্যান্য উৎস থেকে সংগ্রহ করবেন বলে আশা তাঁর।
ঘনিষ্ঠমহলে নমিত নাকি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে, ওটিটি প্ল্যাটফর্মগুলো তাদের প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়াবে। আপাতত নমিত স্বত্বটি নিজের কাছে রেখেছেন। সঠিক মূল্য পেলে অংশীদারি ভাগও করে নিতে পারেন।
বিগ বাজেটের এই সিনেমাতে রণবীর ছাড়া আরও অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন, কাজল আগারওয়াল, রাকুল প্রীত সিং, শিবা চাড্ডা, কুণাল কাপুর এবং ফয়জল মালিক প্রমুখ।









































