ইরানের খুজেস্তান প্রদেশে ৩টি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানাসহ বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। শনিবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এর দুই মিনিট পর অর্থাৎ ১০টা ৪৭ মিনিটে মাহশাহ’র পেট্রোকেমিক্যাল কারখানায় আরো তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গভর্নর আরো জানান, এসব হামলায় ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলের জানান তিনি।
এর আগে সকাল ১১টার দিকে খোররামশাহরের শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালায়। এতে স্থাপনাগুলোর আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনিতে হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।









































