হালান্ডের ২৮তম হ্যাটট্রিকে উড়ে গেল লিভারপুল

নিজের ২৮তম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্লিং হালান্ড। ছবি : রয়টার্স

আর্লিং হালান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে একেবারেই উড়ে গেল লিভারপুল। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে।

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা যদিও আশাব্যঞ্জক ছিল লিভারপুলের। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সিটির হাতে।

৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হালান্ড। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতির পর অ্যান্তোনি সেমেনিয়ো তৃতীয় গোলটি করে লিভারপুলকে আরো চাপে ফেলে দেন।

এরপর ৫৭তম মিনিটে আবারও জালে বল পাঠিয়ে নিজের ক্যারিয়ারের ২৮তম হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড।

তার এই পারফরম্যান্স ম্যাচটিকে পুরোপুরি একপেশে করে তোলে।

লিভারপুলের জন্য দিনটি ছিল হতাশায় ভরা। মোহাম্মদ সালাহ দ্বিতীয়ার্ধে পাওয়া একটি পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড, যা লিভারপুলের দুর্দশাকে আরো বাড়িয়ে দেয়।

ম্যাচজুড়ে লিভারপুল ছিল এলোমেলো ও আত্মবিশ্বাসহীন। এমনকি গ্যালারি থেকেও কোচ আর্নে স্লটকে উদ্দেশ করে কটূক্তিও শোনা যায়।

এই জয়ের মাধ্যমে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। 

অন্যদিকে, লিভারপুলের সামনে এখন কঠিন সময়। সামনে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সমালোচনার চাপ আরো বাড়বে।

LEAVE A REPLY