সংগৃহীত ছবি
কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালি অধ্যায়। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে।
বলা দরকার, এই একই স্থানে শেষকৃত্য হয়েছিল তাঁর বড় বোন লতা মঙ্গেশকরের।
এর আগে গতকাল সন্ধ্যায় আশা ভোঁসলের মরদেহ নেওয়া হয় লোয়ার পারেলের বাসভবনে। আজ সকাল থেকে ভক্ত-অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে রাখা হয়েছে মরদেহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেষ দর্শনের সুযোগ থাকবে, এরপর শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সাত দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ঘরানায়ই ছিল তাঁর সমান দক্ষতা।
তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তাঁর প্রয়াণের খবরে শোক জানিয়েছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান, জুনিয়র এনটিআরসহ আরো অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সংক্রমণ ও বয়সজনিত জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।









































