ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক স্থানে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে বুড়িচং অংশেও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ কালিরবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান জোরদার করলে অবরোধকারীরা সরে যান। তবে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন বলে জানিয়েছে পুলিশ। তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

চৌদ্দগ্রাম অংশে পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন হঠাৎ মহাসড়কে তাণ্ডব চালানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY